ইউজিসিতে সন্ত্রাসী ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেইঃ ভিসি ড. সাখাওয়াত হোসেন
 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন পবিপ্রবি’র ভিসি ড. সাখাওয়াত হোসেন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
দুমকি, ২৯ নভেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। ২৯ নভেম্বর মঙ্গলবার সকালে পবিপ্রবি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবী করেছেন। একই সাথে ওই ঘটনায় তাকে জড়িয়ে মহল বিশেষের মিথ্যাচার ও নানা বিভ্রান্তি ছড়ানোর চক্রান্তকারীদের হীন অপচেষ্টারও নিন্দা জ্ঞাপন করেন।
সংবাদ সম্মেলনে প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ইউজিসি ভবনে ন্যাক্কারজনক হামলার ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। পবিপ্রবি’র উন্নয়ন, অগ্রযাত্রা ব্যহত করতে তথাকথিত ভেটেরিনারীয়ানদের ব্যানারে একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ মিথ্যাচার চালাচ্ছে।
তিনি নামোল্লেখ করে বলেন, ভেটেরিনারী পরিষদের মহাসচিব ডা. ইমরান হোসেন খান ও তার সহযোগিরা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং এসব কাল্পনিক, বানোয়াট ও অসত্য তথ্য উপস্থাপন করে বিভিন্ন মহলে চিঠিপত্র দিয়ে আসছেন এবং আমাকে অসম্মানজনক অবস্থানে নেয়ার ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রেখেছেন। যা আমার ও পবিপ্রবি’র কার্যক্রমকে বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য।
এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি অনুষদের ডীন আ.ক.ম মোস্তফা জামান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. রবিউল হক, সিএসই অনুষদের ডীন প্রফেসর আলী আজগর ভূইয়া, রেজিস্ট্রার মো. নওয়াব আলী প্রমূখ।
উল্লেখ্য, চলতি সেশনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারী অনুষদ খোলার বিরোধীতা করে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। এ ঘটনার অংশ হিসেবেই দুস্কৃতিকারীরা গত ২৬অক্টোবর ইউজিসি ভবনে হামলা ও ভাংচুর করে। ওই ঘটনায় পবিপ্রবির উপাচার্যকে জড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |