দুমকিতে গাঁজা সেবনে বাঁধা দেয়ায় ১ জনকে কুপিয়ে জখম
দুমকি, ৩০ নভেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকিতে গাঁজা সেবনে বাঁধা দেয়ায় আ: বারেক ফরাজী (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে কয়েকজন মাদকসেবী। ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের প্রত্যন্ত পল্লী গ্রামের নলদুয়ানী স্লুইজগেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাংগাশিয়া ইউনিয়নের নলদুয়ানী স্লুইজগেট এলাকায় আড্ডা দিয়ে গাঁজা সেবনের প্রতিবাদ করায় কয়েকজন মাদকসেবী যুবক একই গ্রামের বাসিন্দা আ: বারেক ফরাজী (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে। স্থানীয় লোকজন মুমুর্ষু অবস্থায় আহতকে ভ্যানযোগে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
আহতের পারিবারিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্লুইজগেট এলাকায় নিয়মিত আড্ডা দিয়ে গাঁজা সেবনের প্রতিবাদ ও বাঁধা দেয়ায় ওই গ্রামের চিহ্নিত বখাটে স্বপন মুন্সী, নাজমুল, হিরন, লিমন, আ:হাই ও সোহেল নামের ৬ মাদকসেবী যুবক আকস্মিক রাস্তায় গতিরোধ করে বারেক ফরাজীকে ধারাল অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম করে এবং তার পকেট থেকে গাছ বিক্রির ৩৫ হাজার টাকা ছিনতাই করে। আহতের ডাক চিৎকারে এলাকাবসীরা এগিয়ে এলে বখাটেরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক আহতকে উদ্ধার করে গ্রামবাসীরা ভ্যানযোগে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
এ ব্যাপারে বখাটেদের বিরুদ্ধে দুমকি থানায় অভিযোগ করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস,আই) কমল স্বীকার করেছেন।
–
(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |