সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে মেরিন আইনে মামলা
 সুন্দরবন -৮ লঞ্চ
বরিশাল ডেস্ক :: বরিশাল-ঢাকা নৌ-রুটে চলাচলকারী সুন্দরবন-৮ লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে মেরিন আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। বেপরোয়া গতিতে লঞ্চ চালিয়ে একই রুটের পরাবাত-২ লঞ্চকে ধাক্কা দিয়ে যাত্রী আহত ও বরিশাল নৌবন্দরের ক্ষতিসাধন করায় ১৯ জানুয়ারী বৃহষ্পতিবার বিআইডব্লিউটিএ’র পরিদর্শক সোহরাব হোসেন এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের নৌ যান পরিদর্শক মোঃ মারুফ হোসেন মেরিন আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
এর আগে গত ৯ নভেম্বর সুন্দরবন-৮ লঞ্চের কারনে হিজলায় মালবাহী কার্গো ডুবির ঘটনা ঘটেছিল। এছাড়া সুন্দরবন নেভিগেশনের এ লঞ্চটি এর আগেও বেপরোয়া গতিতে নোঙ্গর করতে গিয়ে ২ বার পন্টুন ক্ষতিগ্রস্থের ঘটনা ঘটিয়েছিল। কিন্তু সুন্দরবন নেভিগেশনের মালিকপক্ষ ক্ষমতাশালী হওয়ায় দায়সারাভাবে তদন্ত কমিটি গঠন করা হলেও কোন কঠোর ব্যবস্থা নেয়া হয়নি।
 সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্থ পারাবত-২ লঞ্চ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
জানা গেছে, ১৯ জানুয়ারী বৃহষ্পতিবার সকালে পারাবত-২ লঞ্চটি ঢাকা থেকে যাত্রী নিয়ে এসে বরিশাল নদীবন্দরের পল্টুনে ভেড়ানো অবস্থায় যাত্রী নামাতে ছিল। এসময় ঢাকা থেকে আসা অপর লঞ্চ সুন্দরবন-৮ গতি নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়ে পিছন দিকে থেকে দ্রুতবেগে পারাবত-২ লঞ্চকে ধাক্কা দেয়। এতে পারাবত-২ লঞ্চের পেছনের অংশ দুমরে মুচরে যায় এবং মনির (১৭) নামে এক যাত্রী গুরুত্বর আহত হন। তাকে গুরুত্বর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পারবত লঞ্চ ছাড়াও নৌবন্দরের স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় বরিশাল নৌ-বন্দরের গ্যাংওয়ের ছাউনি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বন্দরের একটি লোহার সিড়ি ও পিলার নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার কারন সম্পর্কে সুন্দরবন-৮ লঞ্চের মাস্টার মজিবর রহমান জানান, সুন্দরবন-৮ লঞ্চের ব্যাক গিয়ারে কাজ না করায় অনিচ্ছাকৃত এ দুর্ঘটনা ঘটেছে। লঞ্চ ঘাটে ভেড়ানোর জন্য গতি কমিয়ে আনতে তিনি ব্যাক গিয়ার দিলে লঞ্চ পেছনের দিকে না গিয়ে উল্টো গতি বেড়ে গিয়ে সামনের দিকে গিয়ে পারবত-২ লঞ্চের পেছনের অংশে আঘাত করে বলে জানান তিনি।
পারাবত লঞ্চের মালিক পক্ষের প্রতিনিধি খাজা ইকবাল জানান, এ ঘটনা রাতের বেলায় ঘটলে ব্যাপক প্রাণহানীর আশংকা থাকতো। কারন লঞ্চের পিছনের যে অংশে সুন্দরবন-৮ লঞ্চে ধাক্কা দিয়েছে সে অংশে ডেকের যাত্রীরা থাকে। এ দুর্ঘটনায় পারাবত লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারনা করছেন বলে জানান তিনি।
বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নেওয়াজ আমাদের বরিশাল ডটকমকে জানান, এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করার জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বন্দরের অর্কে, গ্যাং ওয়ের ছাউনি ও র্যাম ভেঙ্গে গেছে বলে জানান তিনি।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)
এ সম্পর্কিত পূর্বের সংবাদঃ
সুন্দরবন লঞ্চের ধাক্কায় পারাবত লঞ্চসহ নদীবন্দর ক্ষতিগ্রস্থ, আহত ১
অতিরিক্ত যাত্রী নেয়ায় সুন্দরবন লঞ্চের সুপারভাইজার আটক, ১ লাখ টাকা জরিমানা
নিয়ন্ত্রন হারিয়ে পন্টুনে আছড়ে পড়লো সুন্দরবন লঞ্চ, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |