আবার বিয়ের পিঁড়িতে প্রভা
 স্বামী মাহমুদ শান্ত’র সাথে সাদিয়া জাহান প্রভা
বিনোদন ডেস্ক:: দ্বিতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাত্রের নাম মাহমুদ শান্ত, তার গ্রামের বাড়ি বরিশালে। ১৯ ডিসেম্বর সোমবার রাতে অভিনেত্রী প্রভার মোহাম্মদপুরের বাসায় বিয়ের এ আকদ অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ শান্ত বর্তমানে একটি মাল্টিন্যাশানাল কোম্পানিতে কর্মরত আছেন। পারিবারিক পছন্দে ও নিজের সম্মতিতে এ বিয়ে করেছেন বলে জানিয়েছেন প্রভা। কাকতলীয়ভাবে ১৯ ডিসেম্বর সোমবার রাতে প্রভা’র প্রথম স্বামী অপূর্ব’রও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রভা জানান, মাস দুয়েক আগে শান্ত’র সঙ্গে একটি অনুষ্ঠানে পরিচয় হয়েছিল। সৌজন্যমূলক কিছু কথাবার্তাও হয়। এরপরই শান্ত তার বাবা মার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠান। প্রভার বাবা-মা পাত্র হিসেবে শান্তকে পছন্দ করেন। বাবা-মা’র পছন্দে আর দ্বিমত করেননি প্রভা।
স্বামী মাহমুদ শান্ত সম্পর্কে বলতে গিয়ে সাদিয়া জাহান প্রভা জানান, শুধু নামেই সে শান্ত নয়। আসলেই ও ভীষণ শান্ত, ভদ্র ও বিনয়ী একটি ছেলে। এই ক’দিনে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে ওর ওপর আস্থা রাখা যায়। ভীষণ সংস্কৃতিমনা সে। ভালো গীটার বাজাতে আর গান গাইতে পারে। আমি বেশ খুশি। আসলে এই সব-ই সম্ভব হয়েছে আমার শুভাকাঙ্খী, গুরুজনদের দোয়া আর আল্লাহর রহমতের কারণে। নতুন করে জীবন শুরু করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
প্রভা আরো জানান, তড়িঘড়ি করে বিয়ের আনুষ্ঠানিকতা আর সারতে পারেননি দুই পরিবার। তাই আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠানিকতার মাধ্যমে প্রভাকে তুলে দেবেন তার বাবা-মা।
মিডিয়ায় কাজ করা প্রসঙ্গে প্রভা বললেন, শান্ত আমাকে এরই মধ্যে জানিয়েছে, সে চায় আমি মিডিয়ার কাজে আগের মতোই ব্যস্ত হয়ে উঠি। এ ব্যাপারে সবধরণের সহযোগিতা করতে সে প্রস্তুত। আমিও আরেকটু গুছিয়ে নিয়ে মিডিয়ায় কাজ শুরু করতে চাই।
প্রথম স্বামী অপূর্ব প্রসঙ্গে প্রভা বলেন, আমি খুব খুশি হয়েছি অপূর্ব তার মনের মত জীবনসঙ্গী খুঁজে নিয়েছে। সবারই নিজের জীবন গুছিয়ে নেয়ার অধিকার আছে। আমি মন থেকে অপূর্ব ও তার স্ত্রী জন্য দোয়া করি, আল্লাহ তাদের ভালো রাখেন।
অপরদিকে প্রভার বিয়ের কথা জানার পর অপূর্বও তার নতুন জীবনের সুখ-শান্তি জন্য শুভ কামনা জানিয়েছেন।
|