ভোলায় সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রসী হামলা
ভোলা, ৯ জানুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার গ্রামে এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের হামলায় সাগরীকা রানী (২২) ও তার স্বামী শংকর ভদ্র আহত হন। ৮ জানুয়ারী রোববার রাতে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের কালাপুর রাস্তার মাথা নামক এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী হারুন ও রুহুল আমিনসহ কয়েক জন বখাটে সাগরীকার স্বামী শংকর ভদ্রের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হারুন ও রুহুল আমিন তাদের সঙ্গীয়দের নিয়ে সংখ্যালঘু পরিবারটির ঘরে ঢুকে হামলা ও লুটপাট চালায়। এসকল দূর্বৃত্তরা গৃহবধু সাগরীকা রানিকে অস্ত্রের মুখে জিন্মি করে শ্লীলতাহানী ও তার ব্যবহৃত স্বর্ণালংকারসহ ঘরে গচ্ছিত টাকা পয়সা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের ভয়ে এলাকার কেউই ওই পরিবারটিকে রক্ষা করতে এগিয়ে আসেনি। সাগরীকার স্বামী শংকর তার স্ত্রীকে রক্ষা করতে আসলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে।
এঘটনায় ৯ জানুয়ারী সোমবার গৃহবধু সাগরীকা বাদি হয়ে ভোলা সদর থানায় মামলা দ্বায়ের করেন। যার নং জিআর-১২। এদিকে মামলা দেয়ার কারনে বাদিকে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিচ্ছে বলে স্বামী শংকর ভদ্র অভিযোগ করেছেন। ফলে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোবাশ্বের আলি জানান, অভিযুক্তদের বিরুদ্বে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |