বরিশালে হিযবুত তাওহীদের ৭ সদস্য আটক
 বরিশালে আটককৃত হিযবুত তাওহীদের ৭ সদস্য
বরিশাল ডেস্ক :: বরিশালের উজিরপুরের চৌধুরীহাট ও নগরীর রুপাতলী গাওছিয়া সড়ক এলাকা থেকে জঙ্গি সন্দেহে হিযবুত তাওহীদের ৭ সদস্যকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭টা ও রাত ৮ টায় পৃথক দুটি অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে র্যাব জানিয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দাজ্জাল বই, দাজ্জাল ভিডিও সিডি, হিযবুত তাওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে লেখা বই, লিফলেট ও স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলোঃ উজিরপুর উপজেলার গাজীরপাড় এলাকার মৃত তছলিম উদ্দিন খলিফার ছেলে হিযবুত তাওহীদের সক্রিয় সদস্য আঃ রব মিস্ত্রি (৫২), নরসিংহা এলাকার মোঃ আবুল হোসেন হাওলাদারের ছেলে শফিকুল ইসলাম (২২), মালিকান্দা এলাকার মৃত এমএ জালাল মৃধার ছেলে জহুরুল ইসলাম টুকু (২৩), চাওলাহার এলাকার মোঃ সাহেব আলী হাওলাদারের ছেলে হানিফ হাওলাদারকে (৫৫), নগরীর রুপাতলী গাওছিয়া সড়কের তিন ভাইবোন শফিকুল ইসলাম মল্লিকের ছেলে মোঃ আলামিন মল্লিক(২৪) ও মোঃ সুমন মল্লিক (২২) এবং কন্যা মোছাঃ খুশী আক্তার (২৪)।
র্যাব জানায়, উজিরপুরের চৌধুরীহাট বাজারে উগ্র ধর্মীয় চিন্তা সম্বলিত লিফলেট বিতরণ এবং প্রচার চালানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ১৬ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭টা চৌধুরীহাট বাজারে অভিযান চালায়। সেখান থেকে র্যাব হিযবুত তাওহীদের ৪ সদস্যসহ ৬টি দাজ্জাল বই, ১৮টি দাজ্জাল ভিডিও সিডি, ৯টি হিযবুত তাওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা বই, ১০টি জেহাদ বই, ২৩টি লিফলেট ও ২টি স্কুল ব্যাগ উদ্ধার করে। পরে আটকৃতদের তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৮টায় নগরীর রুপাতলী গাওছিয়া সড়কের আলামিন মল্লিকের বাড়ীতে অভিযান করে ৩ টি দাজ্জাল বই, ৪৫ টি দাজ্জাল ভিডিও সিডি, ৯৫ টি হিজবুত তাওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা বই, ১২৫ টি জেহাদ লেখা বই, হিযবুত তওহীদের অন্যান্য চটি বই ১৩৭ টি, হিযবুত তওহীদের ক্যালেন্ডার ২০ টি, অন্যান্য ৩০০ টি লিফলেট উদ্ধার করে র্যাব। এসময় সেখান থেকে তিন ভাইবোনকে আটক করে র্যাবের অপর আরেকটি দল।
আটককৃতরা দীর্ঘদিন ধরে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মভীরু সহজ সরল মানুষদেরকে বিভ্রান্ত করে বিপথে পরিচালনা করে আসছিল বলে র্যাব জানিয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |