অসামাজিক কাজের অভিযোগে জনতার হাতে মহিলা মেম্বার আটক
পিরোজপুর, ২২ জুন (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরে অসামাজিক কাজের অভিযোগে এক মহিলা মেম্বারকে আটক করেছে স্থানীয় জনগণ। ঘটনাটি ঘটেছে ২১ জুন বৃহস্পতিবার রাতে পিরোজপুরের পাড়েরহাট বন্দর এলাকায়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের সংরক্ষিত (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) মহিলা মেম্বার মমতাজ বেগম এর সাথে পার্শবর্তী উমেদপুর গ্রামের বজলু শিকদারের সাথে অনৈতিক সম্পর্ক চলে আসছিল। ঘটনার দিন (২১ জুন) রাতে বজলু শিকদার মমতাজ বেগমের বাড়িতে আসলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে তাদেরকে আটক করে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে খবর দেয়। চেয়ারম্যান ও মেম্বার ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিচার করার আশ্বাস দিলে উত্তেজিত জনগন আটকদেরকে তাদের জিম্মায় ছেড়ে দেয়।
পাড়েরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার এনায়েত সিকদার জানান, এ বিষয়টি গ্রামবাসী সবাই জানে। ২১ জুন বৃহস্পতিবার রাতে তাদেরকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে চেয়ারম্যান ও তিনি ঘটনাস্থলে গিয়ে ২২ জুন শুক্রবার এবিষয়ে সালিশ বৈঠক করার কথা বলে মহিলা মেম্বার ও বজলুকে জনগনের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসেন।
পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম হাওলাদার আমাদের বরিশাল ডটকমকে জানান, স্থানীয় লোকজন ২১ জুন রাত ৯টার দিকে মহিলা মেম্বারের ঘর থেকে সন্দেহ করে দু’জনকে আটক করেছে। তবে অসামাজিক কাজের ব্যাপারে তেমন কোন প্রমান পাওয়া যায়নি। অভিযুক্ত বজলুকে ঐ মহিলা মেম্বারের বাড়িতে আর না যাওয়ার জন্য শাসিয়ে দেয়া হয়েছে।
-
(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |