![]() ভোলায় চারদিন ধরে বিদুৎ সরবরাহ বন্ধ, গ্রাহক ভোগান্তি চরমে
২৫ June ২০১২ Monday ৩:৫৮:৪৪ PM
![]() ভোলার গ্যাস ভিত্তিক ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র – ফাইল ফটো ভোলা, ২৫ জুন (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): নিয়ম মাফিক মেরামতের অজুহাতে ভোলার গ্যাস ভিত্তিক ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি চার দিন ধরে বন্ধ রয়েছে। ফলে পুরো জেলা রয়েছে অন্ধকারের মধ্যে। ভোলা সদরে মাঝে মধ্যে নামমাত্র বিদুৎ সরবরাহ করা হলেও জেলার বাকি ৫ উপজেলায় বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও দৌলতখান গত ২২ জুন শুক্রবার হতে চার দিন ধরে এক প্রকার বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ কেন্দ্রটির সহকারী ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান আমাদের বরিশাল ডটকমকে বলেছেন, আগামী ১দিনের মধ্যে এসমস্যা আর থাকবেনা। অন্যদিকে, ওজোপাডিকো প্রকৌশলী মোঃ মাজেদুল ইসলাম বলছেন, কবে নাগাদ নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহ করা যাবে তার কোন নিশ্চয়তা নেই। বর্তমানে বরিশাল থেকে ৪ মেগাওয়াট বিদ্যুৎ জেলা সদরে সরবরাহ করা হলেও দিনে অধিকাংশ সময়ে থাকছেনা বিদুৎ। এদিকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ভোলার সাধারন গ্রাহকরা রয়েছে চরম ভোগান্তির মধ্যে। বিশেষ করে জেলার ছোট বড় সকল ব্যাবসা প্রতিষ্ঠান, কারখানার কর্মকান্ডে মারাত্নক বিঘ্ন ঘটছে। বিদ্যুতের অভাবে পৌর এলাকার নিয়মিত পানি সরবরাহও বন্ধ রয়েছে। বাসা বাড়িতে শিক্ষার্থীদের পড়ালেখাও হচ্ছে সমস্যা। ফিজ্রে রাখা খাদ্য সামগ্রীও নষ্ট হয়েছে অনেকের। বিদুৎ না থাকায় চার্জ চালিত অটোরিক্সায় নিয়মিত চার্জ দিতে না পারায় এর ড্রাইভাররা কাটাচ্ছেন বেকার সময়। তুলাতলির অটোরিক্সায় ড্রাইভার সালাউদ্দিন বলেন, গত কয়েক দিন বিদুৎ না থাকায় গাড়ীতে চার্জ দেয়া বন্ধ রইছে। আমি ভাই ভাড়া করা অটো চালাই। দিন আনি দিন খাই। ২দিন ধইরা আমার পরিবারের তিন বেলা খাওন জুটতাছেনা। এই অবস্থায় বিদুৎ সরবরাহ সচল না হইলে আমাগো না খাইয়া মরতে হইবো। শুধু অটোরিক্সা ড্রাইভার সালাউদ্দিন নয় বিপাকে রয়েছে এমন আরো অনেকেই যাদের জীবন ও জীবিকা বিদুৎ’র উপর নির্ভরশীল। ভোলা বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান জানান, মেশিনটির নিয়ম মাফিক মেরামতের জন্যে কেন্দ্রটি ২২ জুন শুক্রবার রাত থেকে বন্ধ রাখা হয়েছে। তবে মেরামত কাজ শেষ হলেই আগামী দু’দিনের মধ্যে তা উৎপাদনে যাবে। অপরদিকে, ভোলা ওজোপাডিকো প্রকৌশলী মোঃ মাজেদুল ইসলাম জানান, বর্তমানে বরিশাল থেকে ৪ মেগাওয়াট বিদ্যুৎ ভোলা জেলা সদরে সরবরাহ করা হচ্ছে। কবে নাগাদ নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহ করা যাবে তার কোন নিশ্চয়তা তিনি দিতে পারেননি। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

