রাজাপুর-ভান্ডারিয়া সংযোগ সড়ক ভেঙ্গে খালে, ভারী যান চলাচল বন্ধ
 রাজাপুর-ভান্ডারিয়া সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
রাজাপুর, ২৬ জুন (রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): সড়ক ও জনপদ বিভাগের ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া স্কুল সংলগ্ন ঠাকুরবাড়ির সামনের রাস্তাটি ভেঙ্গে খালের সাথে মিশে গেছে। ফলে হালকা যান চলাচল করলেও কয়েকদিন ধরে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। সড়কটি রাজাপুর-লেবুবুনিয়া-নৈকাঠি-ভান্ডারিয়া যোগাযোগের একমাত্র উপায় হওয়ায় দুই উপজেলার সাথে যান চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
সরেজমিনে গাড়ি চালকদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এ রাস্তাটি এভাবে ভাঙ্গা অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কারই মাথা ব্যাথা নেই। বিভিন্ন সময়ে দিনে ও রাতে এখানে বহু দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন সামান্য মাটি দিয়ে যোগাযোগ স্বাভাবিক রাখলেও কযেক দিনের টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে রাস্তাটি একবারেই খালের সাথে মিশে গেছে। বর্তমানে যাত্রী নামিয়ে মোটর সাইকেল ও হালকা যাত্রীবাহি যান চলাচল করলেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যাত্রীবাহি গাড়ি চলাচলে চরম দুভোগ হচ্ছে। যাত্রী নামিয়ে ঠেলে গাড়ি পার করে যাত্রী বহণ করতে হচ্ছে। এছাড়াও এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই এ রাস্তাটি এভাবে ভাঙ্গা অবস্থায় রয়েছে। কযেক দিনের টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে রাস্তাটি একবারেই খালের সাথে মিশে গেছে। এতে করে এ সড়কের যান চলাচল প্রায় বন্ধ।
তবে এ ব্যাপারে ঝালকাঠি সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী শাহিন সরকারের মুঠোফেনে একধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি।
-
(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/ররে/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |