ভোলায় বিষাক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু
ভোলা, ২৭ জুন (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলায় বিষাক্ত মদ্যপানে বাদল বৈদ্য (৪৩) ও মহাদেব সরদার ওরফে শনি খলিফা (৫০) নামের ২ জনের মৃত্যু হয়েছে। মৃত বাদল বৈদ্য ভোলা সদরের চরনোয়াবাদ এলাকার বৈদ্য বাড়ির হরকুমার বৈদ্যের ছেলে ও মহাদেব সরদার একই এলাকার সরদার বাড়ির মৃত হরিপদ সরদারের ছেলে। এ মদপানে অসুস্থ হয়ে মোঃ বশির ভোলা সদর হাসপাতালে এবং সংরাম বৈদ্য ও হারাধন স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। তবে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, মৃতরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে জানা গেছে, বহুদিন ধরে বাদল বৈদ্য, মহাদেব সরদার, মোঃ বশির, সংরাম বৈদ্য ও হারাধনসহ বেশ কিছু লোক একত্রিত হয়ে রাতে মদ্যপান করতো। গত ২৫ জুন সোমবার রাতেও তারা একত্রে মদ্যপান করে। বিষাক্ত মদ্যপানে এক পর্যায়ে বাদল বৈদ্য, মহাদেব সরদার ও মোঃ বশির অসুস্থ হয়। পরে তাদের কে আশংকা জনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেয়া হলে ২৬জুন মঙ্গলবার রাত ২টার দিকে বাদল বৈদ্যের মৃত্যু হয়। অন্যদিকে, মহাদেব সরদারের অবস্তার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিমে নেয়া হয়। ২৭ জুন বুধবার দুপুর ১টায় সেখানে তারও মৃত্যু হয়। ওই ঘটনায় অসুস্থ হয়ে মোঃ বশির ভোলা সদর হাসপাতালে এবং সংরাম বৈদ্য ও হারাধন নামে আরো ২ জন ভোলার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে বলেও জানান এলাকাবাসী।
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আলী আমাদের বরিশাল ডটকমকে জানান, এব্যাপারে আমাদেরকে কেউ এমন কোন খবর জানায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে দু’জন মারা গেছে।
অপরদিকে, ভোলা সদর হাসপাতালের আরএমও ডাঃ শরীফ আহাম্মেদ জানান, মদ্যপানে অসুস্থ হাসপাতালে ভর্তি মোঃ বশির তাকে জানিয়েছে গত ২৫ জুন সোমবার লালমোহন উপজেলার ডাওরি থেকে তারা বিদেশী বোতলে মদ কিনে আনে। রাতে ওই মদ পান করে সবাই অসুস্থ হয়ে পরে।
-
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |