আজ প্রভা’র বিবাহোত্তর সংবর্ধনা
 স্বামী মাহমুদ শান্ত’র সাথে সাদিয়া জাহান প্রভা
বিনোদন ডেস্ক :: আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আর মাহমুদ শান্তর বিবাহোত্তর সংবর্ধনা আজ ১২ই জুলাই সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। দুই পরিবারের যৌথ আয়োজনে এই রিসিপশনের আয়োজন করা হয়েছে। এর আগে গত বছর ১৯শে ডিসেম্বর রাতে পরিবারের পছন্দে প্রভা ও শান্তের বিয়ের আকদ হয়েছিল। প্রভাদের মোহাম্মদপুরের বাসায় হওয়া এ আকদ অনুষ্ঠানে ছিলেন কেবল দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।
রিসিপশন অনুষ্ঠানের নিমন্ত্রণ জানিয়ে প্রভা বলেন, পারিবারিক কারণে তড়িঘড়ি করে আমার আর শান্তর আকদ হয়। কাউকে সেভাবে তখন জানানো সম্ভব হয়নি। এবার আমরা মিডিয়ার সবাইকে নিয়ে যৌথভাবে রিসিপশনের আয়োজন করেছি। আমাদের জন্য দোয়া করবেন।
প্রভার স্বামী মাহমুদ শান্তর গ্রামের বাড়ি বরিশালে। বড় হয়ে উঠেছেন ঢাকার ফুলার রোডে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মা চিকিৎসক। বর্তমানে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন।
উল্লেখ্য, জীবনের অনাকাঙ্ক্ষিত সব ঘটনা এড়িয়ে প্রভা এখন আবার অভিনয়ে ফেরার যারপরনাই চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে এবার ঘটা করে আয়োজন করছেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
|