ভোলায় উৎসবমুখর পবিত্র ঈদুল আযহা
ভোলা:: ভোলায় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে। মহান আল্লাহ পাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। ঈদুল আজহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নামে পশু কোরবানী করেন।
২৭ অক্টোবর শনিবার ভোলায় পবিত্র ঈদুল আজহা প্রধান জামাত প্রতিবারের মতন এবারও ভোলা ঈদগা ময়দানে সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান এই জামাতে অন্যান্যের মধ্যে অংশ নেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান মনির, ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রমুখ। ঈদুল আজহ’র জামাত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ আদায়ের পরে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এরপর ধর্মীয় রীতি অনুসারে প্রতিটি পাড়া মহল্লায় শুরু হয় পশু কোরবানি। শিশু-কিশোরদের সকাল থেকে নানা সাজে সেজে রাস্তায় হৈই হুল্লর করতে দেখা গেছে।
এর আগে বিজেপি চেয়ারম্যান ভোলা সদর ১-আসনের এমপি ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ তার পিতা মরহুম নাজিউর রহমানের কবর জিয়ারত শেষে বালিয়া গ্রামের বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় করেন এবং পরে ভোলা উকিল পাড়ার বাসভবনে তার দলের নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ভোলা আলীয়া মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করেন এবং এরপর সাধারন মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এছাড়া আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি প্রতি বছর তার দক্ষিন দিঘলদী গ্রামের বাড়ির মসজিদ মাঠে ঈদের নামাজ আদায় করলেও এ বছর তিনি রাষ্ট্রিয় সফরে ছিলেন দেশের বাইরে।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক |