দুর্বৃত্তদের হামলায় ভাণ্ডারিয়ায় ইউপি চেয়ারম্যান নিহত
পিরোজপুর :: দুর্বৃত্তদের হামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌড়িপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলাল নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেলে করে ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলাল, সবুজ ও দেহরক্ষী জাহিদ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথিমধ্যে মিনিস্টার বাড়ির কাছাকাছি পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
এ সময় তার মাথা, ঘাড় ও শরীরে উপুর্যপরি আঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক ডা. ইখতিয়ার হাসান দুলালকে মৃত ঘোষণা করেন। ভাণ্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানান, চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালকে কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সবুজ ও দেহরক্ষী জাহিদকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস ও পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করছেন।
সম্পাদনা: বরিশাল ডেস্ক |