ভোলার মেঘনায় নৌডাকাতদের হামলায় ১০ জেলে আহত, অপহৃত ৫ অচিন্ত্য মজুমদার
ভোলা :: ভোলার মনপুরা উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনায় ৩০ জানুয়ারী বুধবার বিকেলে হাতিয়ার নৌডাকাত হক বাহিনী জেলেদের উপর হামলা করেছে। এসময় নৌডাকাতরা জেলেদের এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে ২টি ট্রলারসহ ৫ জেলেকে অপহরন করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় কমপক্ষে ১০ জেলে আহত হয়েছে।
অপহৃত জেলেরা হলেন- করিম (২৮), আঃ কাদের (৩৫), হাসান (২৭), আবুল হোসেন (৩২) ও হাশেম (৩৫)। এদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে। আহতদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। নৌডাকাতদের পক্ষ থেকে মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করা হয়েছে বলে অহৃতদের পরিবার জানিয়েছে। তবে পুলিশের এমন কিছু জানা নেই বলে থানা সূত্রে জানা গেছে।
স্থানীয় জেলেরা জানায়, প্রতিদিনের মত বুধবার বিকালে হানিফ ও ছোবাহান মাঝি তাদের ট্রলার নিয়ে ঢালচর থেকে দক্ষিনে চর পিয়াল এলাকায় মাছ শিকার করছিলেন। এ সময় ২০/২৫ জনের একটি নৌডাকাত বাহিনী জেলেদের উপর আতির্কত হামলা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ২টি ট্রলারসহ ৫ জেলেকে অপহরন করে নিয়ে যায়। জলদস্যুদের হামলায় আহত ১০ জেলেকে অন্য জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
মনপুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলী আমাদের বরিশাল ডটকমকে জানান, তারা এ ধরনের কোন সংবাদ পায়নি। এরপরেও বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোন তথ্য মিলেনি বলে জানান তিনি।
এ ব্যপারে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহামুদ আমাদের বরিশাল ডটকমকে বলেন, ডাকাতির ঘটনা ভোলার সীমানায় হয়নি। এটি পটুয়াখালী সীমানার।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |