ভ্রাম্যমান আদালতে ১৬ জুয়াড়ি ও গাঁজা বিক্রেতার কারাদন্ড
পিরোজপুর :: পিরোজপুরের ভান্ডারিয়ায় জুয়া খেলা ও গাঁজা বিক্রয়ের অভিযোগ ১৬ মার্চ শনিবার ভ্রাম্যমান আদালত ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছে। দন্ডিতদের মধ্যে ১৩জন জুয়াড়ি ও তিনজন গাঁজা বিক্রেতা। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা কাজি মাহবুবুর রশীদ শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক এ দন্ডাদেশ দেন।
দন্ডিতরা হলেন- জুয়াড়ি ভান্ডারিয়া উপজেলার জয়দেব দাস(২৯), পিন্টু কর্মকার(২৫), বরগুনার বামনা উপজেলার জুয়েলারী ব্যবসায়ি বিপ্লব কর্মকার(৩০), বুকাবুনীয় বাজারের আশীষ কর্মকার(২৪), বড় তালেশ্বর গ্রামের রিপন খান(৩৩), শফিপুর গ্রামের অরুণ কর্মকার(২৮), বেতাগী উপজেলার রনজন বণিক(৩০), ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লিটন কর্মকার(৩০), বরিশালের উজিরপুর উপজেলার মন্নান সরদার(৩২), খলিল সরদার(২৭), সোবহান সরদার(২২), গৌরনদী উপজেলার রিপন খান(৩৫) ও ফরিদপুরের অনন্ত সূত্রধর(২৮)। এদের মধ্যে মন্নান সরদারকে জুয়া খেলার আয়োজক হিসেবে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। বাকী ১২জন জুয়াড়িরে প্রত্যেককে দুইমাসের কারাদন্ড ও দুইশত টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।
অপরদিকে গাঁজা বিক্রয়কালে পুলিশের হাতে আটকৃত তিনজন গাঁজা বিক্রেতাকে কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। এতে ভান্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের গাঁজা বিক্রেতা রিয়াজ মাহমুদ রানা(২৪), ভান্ডারিয়া সদরের হাসানুজ্জামান বাপ্পীকে(২২) একবছর কারাদন্ড ও গাজা সরবরাহে সহায়তাকারী হিসেবে ধাওয়া গ্রামের মামুন খান(২৫)কে ছয় মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়।
থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে,ভান্ডারিয়া থানা পুলিশ ১৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় গোপনে সংবা পেয়ে ভান্ডারিয়য়া শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে রিয়াজ, হাসানুজ্জামান ও মামুন নামে তিন গাঁজা বিক্রেতাকে আটক করে। পরে শুক্রবার দিবাগত রাত একটার দিকে পুলিশ শহরে ভূবনেশ্বর সেতুর সন্নিকটে একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ১৩জন জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় আটক করে। এসময় পুলিশ জুয়া খেলায় ব্যবর্হত সরঞ্জামাদি ও নগদ ৭০ হাজার টাকা জব্দ করে ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার। পরে আটককৃত ১৬জনকে গতকাল শনিবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজি মাহবুবুর রশীদের আদালতে হাজির করলে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, দন্ডিত ১৩জন জুয়াড়ি ও তিনজন গাঁজা বিক্রেতাকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |