তজুমদ্দিনে ইটভাটায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
ভোলা :: ভোলার তজুমদ্দিনে তুলি ব্রিকস ফিল্ডের পাক মেসিনের চাপা পড়ে সন্তোষ কুমার গাইন (৬০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত সন্তোষ গাইন সাতক্ষিরা সদর থানার দুলিয়া গ্রামের সুরেন্দ্র গাইনের ছেলে। ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে, উপজেলার সম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা এলাকায় ওই ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকির হাওলাদারের মালিকানাধীন তুলি ব্রিকসে সন্তোষ কুমার গাইন (৬০) ও তার পুত্রসহ গত ৪ মাস যাবৎ ইট তৈরির শ্রমিক হিসেবে কাজ করছে। সন্তোস কুমার গাইন সোমবার দিবাগত রাত ৩ টায় ইট তৈরির পাক মেশিন চালানোর সময় মেশিনের চাপায় আহত হন। আহত অবস্থায় ওই শ্রমিককে চিকিৎসা না দিয়ে ইট ভাটার একটি কক্ষে নিয়ে রাখা হয়। পরে ভোর ৫ টার দিকে আহত শ্রমিক সন্তোষ কুমারের মুখ দিয়ে প্রচুর পরিমানে লালা বের হয়ে মারা যায় বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, সকাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ঘটনা জানা জানি হওয়ার ভয়ে পার্শ্ববর্তী কোন লোককে ফিল্ডের ভেতরে আসতে কিংবা কোন শ্রমিককে বাইরে বের হতে দেয়া হয়নি। আসেপাশের লোকজন একপর্যায়ে ইট ভাটায় শ্রমিকের মৃত্যুর খবর জেনে গেলে স্বাভাবিক মৃত্যুর কথা বলে দুর্ঘটনার বিষয়টি গোপন করা হয়। ব্রিকস ফিল্ডের মালিক জাকির হাওলাদার বিষয়টি পুলিশকে না জানিয়ে ধামাচাঁপা দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরে দুপুর ২টায় সংবাদ পেয়ে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এঘটনায় নিহত শ্রমিকের ছেলে রামপ্রসাদ সাংবাদিকদের কিছু জানাতে অস্বীকৃতি জানান। একটি সুত্র দাবী করেছে, নিহতের ছেলে রামপ্রসাদকে কারো কাছে কিছু প্রকাশ না করতে বিভিন্নভাবে ম্যানেজ করা হয়েছে।
তুলি ব্রিকসের মালিক ও সাবেক চেয়ারম্যান জাকির হাওলাদারের সাথে এব্যাপারে কথা বলতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই আবুল হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে পোষ্ট মর্টেম রির্পোট না পেতে কিছু বলা যাচ্ছে না।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |