মাশরাফি-সাকিবকে নিয়ে বসবেন ফিজিও
স্পোর্টস ডেস্ক :: এ সপ্তাহেই জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট দল ঘোষণা হতে পারে। নির্বাচকরা একপ্রকার দল গুছিয়েই রেখেছেন। ফিটনেস রিপোর্ট পেলেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বোর্ড।
এজন্য চোটাক্রান্ত খেলোয়াড়দের নিয়ে ৩ এপ্রিল বুধবার বসবেন ফিজিও বিভব সিং। প্রধান নির্বাচক আকরাম খান জানিয়েছেন, ফিটনেস কোন পর্যায়ে রয়েছে সেটা জানার জন্যই ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবেন ফিজিও। এই দলে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম এবং তামিম ইকবাল। যদিও তামিম ইকবালের খেলায় ফিরে আসতে সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিপিএল খেলার সময় গোড়ালিতে চোট পান ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক। এরপর পরিচর্যা করলেও উন্নতি খুব সামান্যই। ব্যথা থাকায় শ্রীলঙ্কা সফরেও যেতে পারেননি নড়াইল এক্সপ্রেস। নির্বাচকরা মাশরাফিকে জিম্বাবুয়ে সফরে পেতে চাইলেও ফিটনেস রিপোর্ট পাওয়ার পরই তা চূড়ান্ত হবে। খেলার মতো ফিট থাকলে টেস্ট ক্রিকেটেও ফিরতে পারেন মাশরাফি। কিন্তু সূত্র জানিয়েছে সে সম্ভাবনা খুবই ক্ষীণ।
এদিকে নাঈম ইসলাম খেলার মতো পুরোপুরি ফিট। শাহরিয়ার নাফীস এবং এনামুল হক জুনিয়রও সুস্থ আছেন।
|