চরফ্যাশনে দুম্বার মাংস নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
ভোলা :: ভোলার চরফ্যাশনে দুম্বার মাংস ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেলিম নামে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সেলিমকে প্রমথে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়েছে। ২২ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে, রাত ৯টায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের জের ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। এতে কার্যালয়ের জানালা-দরজা ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাশন উপজেলায় এবছর ১৯৯ প্যাকেট দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়। এ মাংস চরফ্যাশন আনার সময় পথে পথে বেরিকেড দেয় এলাকাবাসী। সন্ধ্যার দিকে চরফ্যাশন উপজেলার ফরেস্ট অফিস এলাকায় নিয়ে আসার সময় বেরিকেট দিয়ে দুম্বার মাংস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন।
অপরদিকে, দুম্বার মাংস নিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের জের ধরে রাত ৯টায় স্থানীয় জনতা একটি মিছিল বের করে। এ সময় মিছিল থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ইউএনও’র কার্যালয়ের জানালা-দরজা ভেঙে যায়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম আমাদের বরিশাল ডটকমকে জানান, দুম্বার মাংস ছিনিয়ে নেওয়ার জন্য বেরিকেড দিলে পুলিশ পরিস্থিতি শান্ত করতে ফাঁকা গুলি চালায়।
একজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
ভোলার পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |