কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় শ্রমিকদল সভাপতি আহত
কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি নির্বাচনের প্রচারণাকালে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় উপজেলা শ্রমিকদল সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জামাল মাতুব্বর আহত হয়েছেন। ১০ মে শুক্রবার শেষ বিকালে ধানখালী লোন্দা খেয়াঘাটে ঘটনাটি ঘটে। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামাল হোসেন ধানখালী ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান সমর্থিত প্রার্থী আলহাজ জসিম উদ্দিন মৃধার সমর্থক। প্রতিপক্ষ আব্দুল লতিফ গাজীর সমর্থকরা জামাল হোসেনকে মারধর করেছে বলে দাবি করা হয়েছে।
জসিম উদ্দিন মৃধা জানান, ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে তার নির্ধারিত সভা ছিল। এ সভায় যোগ দিতে কলাপাড়া থেকে উপজেলা বিএনপির নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে যাচ্ছিলেন। লোন্দা খেয়া পার হয়ে উপরে উঠার সময় প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী আবদুল লতিফ গাজীর সমর্থক ১৫/২০ জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী আবদুল লতিফ গাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে তাঁর ভাতিজা গাজী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, হামলার খবর তিনি শুনেছেন। তবে তাদের সমর্থকরা এর সঙ্গে জড়িত নয় বলে তিনি দাবি করেন।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, তিনি খবর শুনে ঘটনাস্থলে গিয়েও কাউকে পাননি।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |