মহাসেন তাণ্ডবে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ
কলাপাড়া :: কলাপাড়ায় মহাসেন তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও চাল তিবরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারিভাবে ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ৬৮ টন চাল বিতরণ করা হয়েছে। ১০ থেকে ২০ কেজি পর্যন্ত চাল দেয়া হয়েছে একেকটি পরিবারকে। নিহত শিশু হাফিজার পিতা রিয়াজ আকন্দ ও স্কুলছাত্র নাঈমের পিতা ওর ইসলামকে ২০ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রাথমিকভাবে ছয়জনকে তিন হাজার টাকা করে পুনর্বাসন সহায়তা দেয়া হয়েছে।
১৯ মে রোববার এই ত্রাণের চাল এবং নগদ অর্থ বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। এসময় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, আওয়ামীলীগ নেতা বিপুল হাওলাদার, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির চুড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। এখন শুরু হয়েছে পুনর্বাসনের কাজ। পর্যায়ক্রমে সকল পরিবারের মধ্যে বিধ্বস্ত ঘর মেরামতের সহায়তা দেয়া হবে।
মহাসেন তান্ডবে কলাপাড়ায় সরকারি হিসাবে খুব বেশি ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা নয় হাজার ছয় শ’ ৫৪ টি, বেশি ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ১২ হাজার তিন শ’ ৭২ টি এবং আংশিক ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ২২ হাজার পাঁচ শ’ ৬৪ টি। সরকারি হিসাবে মহাসেন তান্ডবে মারা গেছে দুই শিশু। আহত হয়েছে ৫৬৫ জন।
তবে অপর একটি সংস্থার দেয়া তথ্যানুসারে কলাপাড়ায় সম্পুর্ণ বিধ্বস্ত ঘরের সংখ্যা এক হাজার চার শ’ ৯৩ টি এবং আংশিক বিধ্বস্ত ঘরের সংখ্যা চার হাজার দুই শ’ দুই টি।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |