| মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুব উদ্দিনকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বরিশাল :: বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোহাম্মদ কুতুবউদ্দিনকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২০ মে সোমবার সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিএমপি পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিনকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে সদর রোডে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের কফিনে পুস্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম, জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। এছাড়াও জানাজা অনুষ্ঠানে মহানগর আ’লীগ সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরন, মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, এ্যাড. তালুকদার মোঃ ইউনুস এমপি, জেলা আ’লীগ নেতা সৈয়দ আনিচুর রহমান, মোহাম্মদ হোসেন চৌধুরী, এ্যাড. লস্কর নূরুল হক, মুক্তিযোদ্ধা জেলা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, উপজেলা কমান্ডার মোকলেসুর রহমান, বিএনপি নেতা এবায়দুল হক চাঁন, বিভিন্ন উপজেলা কমান্ডার ও সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১টায় উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিজ বাড়ি মুলাদীতে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন গত ১৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |