ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বরিশালে গাছ চাপায় বৃদ্ধ নিহত, আহত দুই সাঈদ পান্থ
বরিশাল :: বরিশালের উজিরপুরে দমকা হাওয়ায় গাছ পড়ে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। ২৩ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতি হাওলাদার (৬৫) উজিরপুর উপজেলার আটিপাড়া সেনের বাড়ি এলাকার মৃত মফেজ হাওলাদারের ছেলে।
আহতরা হলেন- জয়শ্রী এলাকার ব্যবসায়ী ইউসুফ আলী ও মো. তানভীর।
ঘটনাস্থল পরিদর্শন করে উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, সকালে প্রচন্ড বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে স্থানীয় (জয়শ্রী) ইউসুফ আলীর চায়ের দোকানে আশ্রয় নেয় মতি হাওলাদার। বেলা ১১টার দিকে সড়কের পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে ইউসুফ আলীর চায়ের দোকানে গিয়ে পড়ে। গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মতি হাওলাদারের মৃত্যু হয়। আহত হয় চায়ের দোকানী ইউসুফ আলী ও অপর এক দোকানী তানভীর।
এসআই হাবিব আরো জানান, সড়কের উপর গাছ পড়ে থাকায় জয়শ্রী-শিকারপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় জনতা ও পুলিশ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের উপর থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |