ঈদের নাটকে প্রথমবার একসাথে চঞ্চল ও ভাবনা
বিনোদন ডেস্ক :: প্রথমবার একসাথে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আশনা হাবিব ভাবনা। মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ঈদের জন্য খণ্ড নাটক ‘তুমিহীনা’-তে তাদের জুটি হিসেবে দেখা যাবে। ঈদের জন্য নির্মিত এ নাটকটির বর্তমানে শুটিং চলছে উত্তরায়।
নাটকটির বিষয়ে অভিনেত্রী ভাবনা বলেন, ‘এটাই চঞ্চল ভাইয়ের সাথে করা প্রথম অভিনীত নাটক। এ নাটকে আমার চরিত্রের নাম রিতা। গল্পে দেখা যাবে, চঞ্চল ভাই আমাদের বাসার দোতালায় থাকেন, আর আমরা তৃতীয় তলায়। আমাকে প্রায়ই সাদা রং এর একটা কাপড় পড়ে আনমনে বসে থাকতে দেখেন চঞ্চল ভাই। এরপর একদিন জানতে পারেন যে, আমি ডিভোর্সি এক মেয়ে। এরপর তারসাথে আমার এক ধরনের সখ্যতা তৈরী হয়। এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প।’
২২মে থেকে শুটিং শুরু হওয়া এ নাটকটির শুটিং শেষ হবে আগামী ২৪মে। এ নাটকে আরেকটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মাজনুন মিজানকে।
এ নাটকে চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম কামাল। নাটকটি নিয়ে চঞ্চল বলেন, ‘রাজের কাজ সবসময়ই অন্যরকম। আর ভাবনা অভিনয়ও ভালো করছে। আমার মনে হয় দর্শকদের নাটকটি ভালো লাগবে।’
ঈদের জন্য নির্মিত মোস্তফা কামাল রাজের এ নাটকটি যে কোন একটি বেসরকারী চ্যানেলে দেখা যাবে।
|