প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন চান, চলছে সমঝোতা বৈঠক
বরিশাল :: শর্ত সাপেক্ষে আহসান হাবিব কামালকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী এবায়দুল হক চান। আগামী ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চান তার প্রার্থীতা প্রত্যাহার করবেন এমন তথ্য বিএনপি’র একাধিক সূত্রের। তবে চাঁন বলেছেন, আগে আলোচনা হোক তারপর সিদ্ধান্ত।
বিএনপি প্রত্যক্ষভাবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নিলেও জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে আহসান হাবীব কামালকে সমর্থন দিয়েছে। সম্প্রতি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি সাংসদ এ্যাড. মজিবর রহমান সরোয়ার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৮ দল সমর্থিত প্রার্থী হিসেবে আহসান হাবীব কামালকে আনুষ্ঠানিকভাবে সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
এদিকে কামালকে প্রার্থী হিসেবে মেনে না নিয়ে মেয়র প্রার্থী হিসেবে মাঠে নামেন জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এবায়দুল হক চান। বিএনপির এ প্রার্থীকে নির্বাচন থেকে বিরত রাখতে চলছে বেশ জোরালো আলোচনা। বরিশাল বিএনপি নেতারা পৃথক পৃথকভাবে বৈঠক করছেন এবায়দুল হক চানের সাথে। তবে জেলা কিংবা মহানগর বিএনপির দায়িত্বশীল পদ দেয়া হলে চান প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন এমন দাবি একাধিক সূত্রের। সবকিছু মিলিয়ে এবায়দুল হক চানের পদ প্রাপ্তির শর্ত মেনে নেয়া হলে তিনি প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে একাধিক সূত্র জানায়।
মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল আহসান শাহীন জানান, চানের সাথে আলোচনা চলছে। ২৬ তারিখের পূর্বেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। জাতীয়তাবাদী আদর্শের প্রতি আস্থা রেখে চান তার প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে জানান তিনি।
অপরদিকে এবায়দুল হক চাঁন জানান, আলোচনা এখনও হয়নি। আগে আলোচনা হোক তারপর সিদ্ধান্তের ব্যাপার।
সাংসদ এ্যাড মজিবর রহমান সরোয়ার জানান, এবায়দুল হক চান জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী। তার রাগ অভিমান থাকতে পারে। কিন্তু সব মান-অভিমান ভুলে ২৬ তারিখ চান প্রার্থীতা প্রত্যাহার করবে বলে জানান তিনি।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |