বেড়িবাঁধ ভেঙ্গে তিন হাজার পরিবার পানিবন্দী, আমন আবাদ অনিশ্চয়তায়
কলাপাড়া :: আইলা বিধ্বস্তের চার বছর পেরিয়ে গেলেও রামনাবাদ পাড়ের তিন হাজার কৃষক পরিবারের দুর্দশা লাঘব হয়নি। সরকারিভাবে আইলা বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও সঠিকভাবে কাজ না করায় ওই বাঁধ ফের ভেঙ্গে গেছে। এখনও রামনাবাদ পাড়ের মানুষ পানিবন্দী হয়ে আছে।
কার্যকর পদক্ষেপ না নেয়ায় পাঁচটি গ্রামের তিন সহস্রাধিক কৃষক পরিবারের দুর্দশা এখন স্থায়ী দুর্যোগে পরিণত হয়েছে। প্রতিদিন জোয়ারের দুইদফা প্লাবনে ডুবে আছে এসব কৃষকের আবাদি জমি। বাঁধটি বিধ্বস্ত হওয়ায় পানি ভেতরে প্রবেশ করে অভ্যন্তরীণ রাস্তাঘাট পর্যন্ত ডুবে আছে। তিন বছর পরে গেল বছর এসব কৃষক অর্ধেক জমিতে আমনের আবাদ করেছে। কিন্তু ফের অনিশ্চয়তায় পড়েছে আমনের আবাদ।
সর্বশেষ মহাসেন তান্ডবের চারদিন আগে গাজির খাল পয়েন্টে ক্লোজারসহ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে প্লাবিত হয় জনপদ। লালুয়া ইউনিয়নের এই জনপদ এখন বসবাসের উপযোগিতা হারিয়ে ফেলছে। অসহায় দরিদ্র, এক ফসল নির্ভর হাজার হাজার কৃষকের চোখে-মুখে এক ধরনের হতাশা বিরাজ করছে।
চারিপাড়া, নাওয়াপাড়া, মুন্সিপাড়া, বড়পাঁচ নং ও চৌধুরীপাড়া গ্রামের কৃষকের এই দুর্দশা লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া না হলে তাদের বিপর্যয় আসার আশঙ্কা দেখা দিয়েছে। চার বছর আগে আইলা বিধ্বস্ত গোটা কলাপাড়ার সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় রামনাবাদ পাড়ের এ’সব মানুষ।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |