চাঁনের সাথে সমঝোতা জেলা বিএনপি’র সভাপতির পদ ছাড়লেন কামাল
বরিশাল :: বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতির পদ থেকে অব্যহতি চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করেছেন বিসিসি’র সাবেক মেয়র আহসান হাবিব কামাল। খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির মূখপাত্র শামসুজ্জামান দুদু এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এবায়দুল হক চাঁনকে প্রার্থীতা প্রত্যাহারে রাজি করাতে অভ্যন্তরীন সমঝোতা অনুযায়ী কামাল জেলা সভাপতির পদ ছেড়েছেন বলে জানা গেছে। তবে বিএনপি নেতারা বলছেন, দল যেহেতু সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেনা। তাই দলীয় পদ ছেড়ে বিসিসি নির্বাচনে অংশ নিচ্ছেন কামাল।
অভ্যন্তরীন সমঝোতা অনুযায়ী ২৫ মে শনিবার সকালে জেলা সভাপতির পদ থেকে অব্যহতি চেয়ে বিএনপি চেয়ারপার্সন কাছে আবেদনপত্র পাঠান আহসান হাবিব কামাল। আর খালেদা জিয়া কামালের পদত্যাগপত্র গ্রহনের পর শনিবারই চাঁন রিটার্নিং কর্মকর্তা বরাবর তার মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন বরিশালে পাঠিয়ে দেন।
কামালের পদত্যাগের খবরের সত্যতা স্বীকার করে খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু জানান, চেয়ারপার্সন তার (কামালের) পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখন বিষয়টি দলের স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।
জেলা কমিটির সভাপতি পদে নতুন কাউকে নেয়া হবে কিনা সে ব্যাপারে প্রশ্ন করা হলে দুদু বলেন, প্রথমে বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে। তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
পদত্যাগের ব্যাপারে বরিশালের সাবেক মেয়র আহসান হাবীব কামাল বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় নির্বাচন। আর বিএনপি সরাসরি এ নির্বাচনে অংশগ্রহন করছে না। তাই কৌশলগত কারনে দলীয় পদ থেকে অব্যহতি নিয়ে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে মেয়র পদে নির্বাচন করছি। তবে আমার প্রতি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের সমর্থন রয়েছে।
কেন্ত্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতিও সাংসদ এ্যাড. মজিবর রহমান সরোয়ারও একই কথা জানান। তিনি বলেন, দল যেহেতু নির্বাচনে যাচ্ছে না সেহেতু দলীয় পদে থেকে নির্বাচনে অংশ না নেয়াই শ্রেয়। তাই আহসান হাবীব কামালকে দলীয় পদ থেকে অব্যহতি নিতে হয়েছে। তবে জাতীয়তাবাদী আদর্শের আমরা সকলে নির্বাচনে কামালের সাথে থাকব। নির্বাচন সুষ্ঠু হলে বিসিসি নির্বাচনেও জাতীয়তাবাদী আদর্শের বিজয় হবে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |