বিসিসি নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে চাঁনের মনোনয়ন প্রত্যাহার
বরিশাল :: অবশেষে সকল অনিশ্চয়তা কাটিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে সক্ষম হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এবায়দুর রহমান চাঁন। ২৬ মে রোববার দুপুর তিনটার দিকে তিনি স্ব-শরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর আগে চাঁন ঢাকায় অবস্থান করায় তার ছেলে আমানুল হক চিশতী অনুপ বাবার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করতে গেলেও তার আবেদন জমা নেয়নি কমিশন। উদ্ভুত পরিস্থিতিতে চাঁনকে সাথে নিয়ে মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপম ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে বরিশাল আসেন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।
প্রথমে রোববার দুপুর একটার দিকে চাঁনের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান চাঁনের ছেলে আমানুল হক চিশতী অনুপ। তবে তার হাতে প্রত্যাহারপত্র থাকলেও প্রত্যাহারের জন্য ক্ষমতা অর্পণের কাগজ না থাকার কারন দেখিয়ে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
এ ব্যাপারে রির্টানিং অফিসার মুজিবুর রহমান বলেন, ‘বিধান রয়েছে কেউ অন্যের মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার প্রমাণপত্র উপস্থাপন করতে হয়। মেয়র প্রার্থীর ছেলে প্রত্যাহার করতে আসলেও ক্ষমতা প্রদানের কাগজ দেখাতে পারেননি। তাই ফিরিয়ে দেওয়া হয়েছে। বিকেলে ৫ টা পর্যন্ত সময় আছে। হয় তাকে স্বশরীরে আসতে হবে। আর তা সম্ভব না হলে মেয়র প্রার্থীর ক্ষমতা প্রদানের চিঠি আনতে বলা হয়েছে।’
উদ্ভুত পরিস্থিতিতে দুপুর দুইটায় চাঁনকে সাথে নিয়ে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপম ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে বরিশাল রওয়ানা দেন। আড়াইটার দিকে বরিশাল পৌছে চাঁন স্ব-শরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর আগে রোববার দুপুরে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আরেক বিএনপি নেতা কামরুল আহসান শাহীন।
বিসিসি নির্বাচনের মেয়র পদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল একক প্রার্থী দিলেও আওয়ামী লীগ এখনও একক প্রার্থী নিশ্চিত করতে পারেনি। নির্বাচনী মাঠে রয়ে গেছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। এদিকে ২৫ মে শনিবার বিকেলে থেকে মামুনের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন তার অনুসারীরা। শনিবার বিকেল থেকে তার মুঠোফোনও বন্ধ রয়েছে। এনিয়ে নগরীতে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |