ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের দাবীতে সড়ক ভবনে তালা মাহামুদুর রহমান মাসুদ
পিরোজপুর :: পিরোজপুরে নির্বাহী প্রকৌশলীর অপসারণ ও বকেয়া বিল পরিশোধের দাবীতে সড়ক ও জনপথ ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ৯ জুন রোববার একদল বিক্ষুদ্ধ ঠিকাদার সড়ক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। তবে এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার অভিযোগ করে জানান, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমাপ্তির পর দীর্ঘ সময়কাল ধরে তাদের অনেক বকেয়া বিল পরিশোধ করা হচ্ছে না। এদিকে বিভিন্ন সময় সরকারী বরাদ্ধ এলেও নির্বাহী প্রকৌশলী একটা বিরাট অংকের কমিশন নিয়ে তার পছন্দমত ঠিকাদারদের মধ্যে তা ভাগ-বাটোয়ারা করে দিয়ে আসছেন।
তারা আরো জানান, বিগত ১৯৯৬-৯৭ অর্থ বছর থেকে অনেক ঠিকাদারের বিল বকেয়া পড়ে আছে।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল সড়ক ভবনে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনা ও কমিশন নেয়ার বিষয় অস্বীকার করে আমাদের বরিশাল ডটকমকে বলেন, ঠিকাদাররা তাদের বকেয়া বিলের দাবীতে আন্দোলন করছে। তবে বরাদ্ধ না পাওয়ায় তাদের পাওনা বকেয়া বিলের টাকা দেয়া যাচ্ছে না।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |