পলিটেকনিকে ছাত্রদলের দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
বরিশাল :: ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউট ক্যাম্পাসে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ১৭ জুন সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামালকে অভিনন্দন জানিয়েছে ক্যাম্পাসে মিছিল বের করে বরিশাল সদর আসনের সাংসদ মজিবর রহমান সরোয়ার সমর্থিত ছাত্রদল নেতা সুজন হাওলাদার বাবুর নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা। এসময় তাদের বাধা দেয় নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল সমর্থিত ছাত্রদল নেতা মইনুল ইসলাম রাজিবের নেতৃত্বাধীন ছাত্রদল নেতাকর্মীরা। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এব্যাপারে সাংসদ সরোয়ার সমর্থিত ছাত্রদল নেতা সুজন হাওলাদার বাবু বলেন, ‘তেমন কিছু হয়নি। নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল।’
তবে মেয়র কামাল সমর্থিত ছাত্রদল নেতা মইনুল ইসলাম রাজিব বলেন, ‘কামাল ভাই জেলা বিএনপির সভাপতি হওয়ার পর থেকে ক্যাম্পাস আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। আমরাই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতারিত করেছি। আর এখন ওরা হটাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো নেতা হতে চায়। এনিয়ে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল।’
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |