নিয়ন্ত্রন হারিয়ে পন্টুনে আছড়ে পড়লো সুন্দরবন লঞ্চ, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
 সুন্দরবন-৮ - ফাইল ফটো
বরিশাল, ১৪ আগষ্ট (উম্মে রুম্মান/আমাদের বরিশাল ডটকম): ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল সুন্দরবন-৮ লঞ্চ নিয়ন্ত্রন হারিয়ে পন্টুনের ওপর আছড়ে পড়লে দুমরে মুচরে গেছে ওই পন্টুনটি। এসময় দেলোয়ার হোসেন নামক পন্টুনের দায়িত্বরত এক কর্মচারী আহত হয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারনে বরিশাল-ঢাকা রুটের লঞ্চের পন্টুন ছিল জনশূন্য থাকায় এ ঘটনায় আর কোন হতাহতেতের ঘটনা ঘটেনি। তবে এ দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে ওই পন্টুনের পাশে থাকা আরো ২টি নতুন পন্টুন এবং গা্ংওয়ে। আজ ১৪ আগষ্ট রোববার প্রত্যুষে বরিশাল নৌবন্দরে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওইসময়ে বৃষ্টি না হলে প্রাণাহানীও হতে পারতো।
বিআডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কবির আমাদের বরিশাল ডটকমকে জানান, বরিশাল-ঢাকা রুটের সুন্দরবন-৮ নামক লঞ্চ নিয়ন্ত্রন হারিয়ে পন্টুনের ওপর আছড়ে পড়লে এ ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিকভাবে তারা ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারন করেছেন। ঘটনা তদন্তের জন্য নৌ-মন্ত্রণালয়ের একজন উপ-সচিবকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সুন্দরবন-৮ লঞ্চ যাত্রী নিয়ে ১৪ আগষ্ট ভোর আনুমানিক সোয়া ৪ টায় বরিশালে পৌছে। লঞ্চটি গতি নিয়ন্ত্রন ছাড়াই ষ্টেশণের পন্টুনের ওপর আছড়ে পড়লে বিকট শব্দে পন্টুনের একাংশ দুমরে-মুচরে যায় এবং ওই পন্টুনের পাশে রাখা নির্মানাধীন আধুনিক নৌ বন্দর প্রকল্পের আরো ২টি নতুন পন্টুন. ৩টি স্পার্ট (পন্টুন স্থাপনের জন্য বিশেষ পিলার), ২টি গ্যাওয়ে এবং গাইড ওয়াল ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এসময় পন্টুনের স্টাফ রুমে ঘুমিয়ে থাকা কর্মচারী দেলোয়ার হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনার সময় প্রচন্ড বৃষ্টিপাত থাকায় পন্টুন ছিল জনশুণ্য। নাহলে প্রানহাণীসহ আহতের সংখ্যা আরো অনেক বেশী হতো।
বিআডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তারা ১৪ আগষ্ট রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন এবং বেলা ১১টায় স্থানীয় বন্দর কার্যালয়ে জরুরী সভা করেন। ওই সভায় উপস্থিত হয়ে সুন্দরবন- ৮ লঞ্চের মাস্টার আব্দুস সালাম ও মজিবর রহমান আত্মপক্ষ সমর্থন করে জানান, লঞ্চটি কীর্তনখোলার অপরপ্রানত্ম চরকাউয়ায় পৌছার পর পন্টুনে ভেড়ার জন্য গতি নিয়ন্ত্রনের চেষ্টা করে যান্ত্রিক ত্রুটির কারনে ব্যার্থ হন। এসময় সুন্দরবনের দুইপাশে আরো ২টি লঞ্চ থাকায় তারা নিরূপায় হয়ে পন্টুনের ওপর গিয়ে আছড়ে পড়ে।
সুন্দরবন লঞ্চ কোম্পানীর অন্যতম পরিচালক আক্তার হোসেন আকেজ জানান, তদন্ত কমিটির রিপোর্ট শেষে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন তাদের কোম্পানী তা মেনে নেবে।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/উরু/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |