" />
AmaderBarisal.com Logo

বাংলাদেশে মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনার সিনেট শুনানী সম্পন্ন


আমাদেরবরিশাল.কম

২২ September ২০১১ Thursday ২:৩০:৫২ AM

রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা

সিনেট শুনানীতে প্রেসিডেন্ট ওবামার মনোনীত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

নিউ ইয়র্ক, ২২ সেপ্টেম্বর (মতিউর রহমান লিটু/আমাদের বরিশাল ডটকম): প্রেসিডেন্ট ওবামার মনোনীত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা (Dan W. Mozena)  ওয়াশিংটনে সিনেট শুনানীতে অংশগ্রহন করেছেন। ২১ সেপ্টেম্বর বুধবার স্থানীয় সময় সকাল দশটায় বাংলাদেশ সময় রাত ৮ টায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে ডারকেন সিনেট অফিস বিল্ডিং এ ফরেন রিলেশন্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনেটর মিসেস জিনি শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠীত শুনানীতে বাংলাদেশ ছাড়াও বাহরাইন ও লুক্সেমবাগের্র নতুন রাষ্ট্রদুত এবং একজন এসিস্টেন্ট সেক্রেটারীর শুনানী গ্রহন করা হয়।

সিনেট কমিটিতে দেয়া লিখিত ভাষণে নতুন রাষ্ট্রদুত ড্যান মোজেনা বাংলাদেশের ৬৪ টি জেলা সফর করে জনগণের সাথে সম্প্রীতি গড়ে তোলার সদিচ্ছা ব্যক্ত করেন। তিনি বাংলাদেশকে একটি মধ্যপন্থী, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ হিসাবে উল্লেখ করে এর গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমুহের দুর্বল চর্চা, সাংঘর্ষিক রাজনীতি, দুর্নীতি ও সুশীল সমাজের সাথে সরকারের অস্পষ্টতাকে চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেন। তার দৃষ্টিতে বাংলাদেশের মানুষ নমনীয় এবং পরিশ্রমী, যার ফলে দারিদ্রের হার গত পাঁচ বছরে ৪০ শতাংশ থেকে ৩১.৫ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার সাফল্য, দৃপ্তকন্ঠ গণমাধ্যম, নারীশিক্ষা ও ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বাংলাদেশ।

সন্ত্রাস দমন, স্বাস্থ্য ও দুর্যোগ মোকাবিলায় দেশটিকে সহায়তার যথার্থতা, মুসলিম বিশ্বের সাথে প্রেসিডেন্ট ওবামার সম্পর্কোন্নয়নে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগি হিসেবে অভিহিত করেন রাষ্ট্রদূত মোজেনা।

ডঃ ইউনুসের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতিহিংসামূলক আচরন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড্যান মোজেনা গ্রামীন ব্যাংক সম্পর্কে তার ইতিবাচক ধারনার কথা জানান এবং ডঃ ইউনুসের সাথে কৃত আচরনে তার হতাশার কথা ব্যক্ত করেন। বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মানদন্ড ও স্বচ্ছতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত মোজেনা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকির বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের অবদান, সন্ত্রাস দমনে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন, বিশেষ করে প্রতিবেশী ভারতের সাথে সুসম্পকের্র কথাও উল্লেখ করেন।

গত মে মাসে ড্যান মোজেনাকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন করেন প্রেসিডেন্ট ওবামা। এর পরে জুন মাসে রাষ্ট্রদূত জেমস এফ মারিয়ার্টি বাংলাদেশ মিশনের দায়িত্ব শেষ করে ফিরে যান।

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে ১৯৪৯ সালে জন্ম নেয়া পেশাদার কূটনীতিক ড্যান নিজেকে বাংলাদেশের পুরোনো বন্ধু বলে অভিহিত করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। ইতিপূর্বে তিনি ১৯৯৮ থেকে ২০০১ সাল পযন্ত ঢাকাস্থ মার্কিন দূতাবাসে পলিটিক্যাল ও ইকোনোমিক কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৭ থেকে ২০১০ সাল অবধি ড্যান মোজেনা এঙ্গোলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

সিনেটে গুরুত্বপুর্ন এই শুনানীতে বাংলাদেশী বংশদ্ভুত নিউজার্সি ডেমোক্রাট পাটির্র অন্যতম নেতা সোলায়মান সেরনিয়াবাদের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশ গ্রহন করেন। নিউইয়র্ক, নিউজার্সি থেকে অংশ নেয়া মার্কিন নাগরিক ও নিবন্দিত ডেমোক্রাট পার্টি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, মতিউর রহমান লিটু, মোহাম্মাদ দিদার ও আনোয়ার পারভেজ।

ফরেইন রিলেশন ডিপার্টমেন্টের শুনানীর পরে সিনেটের সিদ্ধান্ত মোতাবেক অচিরেই মিঃ ড্যান মোজেনা তাঁর দায়ীত্ব পালনে বাংলাদেশে আসবেন। তবে সেটা নভেম্বরের মধ্যেই হতে পারে বলে ষ্টেট ডিপার্টমেন্ট সুত্রে জানা গেছে।


(আমাদের বরিশাল ডটকম/নিউ ইয়র্ক/মর/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।