" />
AmaderBarisal.com Logo

অবশেষে বরিশালে নির্মীত হচ্ছে শিল্পকলা একাডেমি ভবন


আমাদেরবরিশাল.কম

১৭ December ২০১৬ Saturday ১২:৩৫:৫৭ PM

বরিশাল সংবাদ মানচিত্রঅবশেষে আলোর মুখ দেখছে বরিশাল শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ প্রকল্প। জমি নিয়ে জেলা প্রশাসন ও পরিষদের ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় ভবন নির্মাণে বিপত্তি দূর হয়েছে।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে মহানগরীর বান্দ রোড এলাকায় চারতলা বিশিষ্ট শিল্পকলা একাডেমির ভবনের নির্মাণ কাজ চলছে। আর এতে করে প্রসারিত হবে এই অঞ্চলের শিল্প-সাহিত্যের মাত্রা।

সূত্র জানায়, বরিশালে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মীরা একটি আধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের দাবি করে আসছিলেন। ফলে ২০১৫ সালের ১ ডিসেম্বর সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর নগরীর বান্দ রোডে শিল্পকলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

চারতলা বিশিষ্ট ভবন ও অডিটোরিয়াম নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার টাকা। ভবনটিতে ৪৬২ আসন বিশিষ্ট অডিটোরিয়াম, উন্মুক্ত নাট্যমঞ্চ, আর্ট গ্যালারি ও অফিস ভবনসহ আধুনিক সুযোগ সুবিধা থাকছে।

যে জমিতে শিল্পকলা ভবন নির্মিত হচ্ছে সেখানে স্বাধীনতার পূর্বে হ্যালিপ্যাড করতে অধিগ্রহণ করেছিল জেলা পরিষদ। হ্যালিপেড নির্মাণ না হওয়ায় তখন থেকেই শিল্পকলা জমিটি ব্যবহার করে আসছে। তারপরেও জেলা পরিষদ জমির চুক্তি বাতিল করে। এ নিয়ে জটিলতা সৃষ্টি হলে তখন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জেলা পরিষদের অধিগ্রহণকৃত জমি থেকে এক একর জমি পুনঃঅধিগ্রহণের জন্য আবেদন করেন।

পুনঃঅধিগ্রহণের জন্য জেলা প্রশাসন গত ২ নভেম্বর মামলা দায়ের করেন। এক একর জমি শিল্পকলা একাডেমির অনুকূলে পুনঃঅধিগ্রহণের বিষয়টি গেজেট আকারে প্রকাশের জন্য গত ২৭ নভেম্বর মন্ত্রণালয়ে প্রেরন করা হয়। সর্বশেষ গত ৮ডিসেম্বর গেজেট আকারে প্রকাশ পায়। আর এতে করে সকল জটিলতা কেটে গিয়ে ভবন নির্মাণে কোন বাধা থাকল না।

২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবাল জানান, এখানে শিল্পকলা একাডেমি ভবনটি নির্মাণে তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা শহরে শিল্পকলা একাডেমি থাকলেও বিভাগীয় শহরে কোন ভবন ছিল না। তাই এতে করে তারা (সাংস্কৃতিক কর্মীরা) প্রচন্ড আনন্দিত ও উচ্ছ্বসিত। এই ভবনটির নির্মানকাজ সম্পন্ন হলে এখানকার শিল্প-সাহিত্যের বিকাশে নতুন মাত্রা যোগ করবে। সূত্র্র: বাসস





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।