" />
AmaderBarisal.com Logo

সাগর-বনের হাতছানি দক্ষিণের আকর্ষণ হরিণঘাটা বনে

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২ March ২০১৭ Thursday ১:০৫:০২ PM

সাগর-বনের হাতছানি দক্ষিণের আকর্ষণ হরিণঘাটা বনে

সংগ্রহীত

পূর্বে বিষখালী আর পশ্চিমে বলেশ্বর নদ- এসে মিশেছে বঙ্গোপসাগরে।  নয়নাভিরাম বনের ভেতর নিসর্গের মায়া আর মুগ্ধতা। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বনে সৃজিত বনের সুবাদে পরিধি ক্রমশ বাড়ছে।

বনে হিংস্র প্রাণী নেই। আছে হরিণ, বনমোরগ, বানর, শূকর, গুইসাপ, নানা প্রজাতির সরীসৃপসহ ২০ প্রজাতির বন্য প্রাণী। রয়েছে অন্তত ৫০ প্রজাতির পাখি আর বন্য প্রাণিকুল।

এই অপরুপ দৃশ্য মিলবে বরগুনার পাথরঘাটার সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা হরিণঘাটা বনে। সংরক্ষিত ম্যানগ্রোভ বন আর সাগরে সূর্যের উদয়-অস্তের দৃশ্য দেখার সুযোগ পাওয়া প্রত্যেক পর্যটকের জন্যই বড় আকর্ষণ।

পাথরঘাটা উপজেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরে সাগর মোহনায় প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে হরিণঘাটা বন। ১৯৬৭ সাল থেকে বন বিভাগ হরিণঘাটা বনটি সম্প্রসারণে নানা প্রজাতির বৃক্ষ রোপণের মাধ্যমে বন সৃজন শুরু করে। বর্তমানে ২০ হাজার একরজুড়ে দৃষ্টিনন্দন এই বনে প্রাকৃতিক কেওড়া, গেওয়াসহ সৃজিত সুন্দরী ও ঝাউবন রয়েছে।

সাগর-বনের হাতছানি দক্ষিণের আকর্ষণ হরিণঘাটা বনে

সংগ্রহীত

সংরক্ষিত এই নয়নাভিরাম বনকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে জলবায়ু ট্রাস্ট তহবিলের মাধ্যমে বন বিভাগ হরিণঘাটা বন ও সাগরতীর দর্শনের লক্ষ্যে নির্মাণ করছে ফুট ট্রেইল। এ ছাড়া বনের ভেতর নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার, বিশ্রামাগার ও গোলঘর। পাথরঘাটা বন বিভাগ সূত্রে জানা গেছে, বন অধিদপ্তর ১৯৬৭ সালে হরিণঘাটা বন সম্প্রসারণে পরিকল্পিত বনায়ন শুরু করে।

২০১৩ সালে এখানে ১০০ হেক্টর এলাকাজুড়ে সমৃদ্ধি কর্মসূচির আওতায় নতুন বন সৃজিত হয়। বর্তমানে হরিণঘাটায় ২০ হাজার একরজুড়ে বন বিস্তৃৃত। এটি এখন বন্য প্রাণীর অভয়ারণ্য। আবার সাগরতীরে লালদিয়ার চরে নতুন বন সৃষ্টি হওয়ায় বনাঞ্চলের পরিধি ক্রমশ বেড়ে চলছে।

পাথরঘাটা বন বিভাগের কর্মকর্তারা জানান, হরিণঘাটা বনাঞ্চলে ইকো-ট্যুরিজম হিসেবে গড়ে তুলতে দর্শনার্থীদের স্বচ্ছন্দে চলাচলের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় জলবায়ু ট্রাস্টের তহবিলের আওতায় বনের ভেতর একটি ঝুলন্ত সেতুসহ পায়ে চলা পথ (ফুট ট্রেইল) নির্মাণ প্রকল্প হাতে নেয়। বনের ভেতর আঁকাবাঁকা দুই হাজার ৯৫০ মিটার দৈর্ঘ্য এই ফুট ট্রেইল তিন ধাপে নির্মাণ করা হবে।

প্রথম ধাপে দুই কোটি ৫০ লাখ টাকায় ৫০০ মিটার ফুট ট্রেইল নির্মাণকাজ চলছে। আগামী জুনে প্রথম ধাপের কাজ শেষ হওয়ার কথা। দ্বিতীয় ধাপে ৪৫০ মিটার ও পরবর্তী ধাপে দুই হাজার মিটারসহ মোট দুই হাজার ৯৫০ মিটার দৈর্ঘ্য এ ফুট ট্রেইল বনের ভেতর দিয়ে সাগর মোহনায় সৃজিত ঝাউবন পর্যন্ত বিস্তৃত হবে।

এতে দর্শনার্থীরা ফুট ট্রেইল দিয়ে স্বচ্ছন্দে হরিণঘাটা বনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং সাগরতীরে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুবিধা পাবে। এমন উদ্যোগের ফলে সাগরের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা উপকূলের মানুষগুলো নতুন সম্ভাবনার আশায় দিন গুনছে।

পটুয়াখালী অঞ্চলের বিভাগীয় বন বিভাগ থেকে জানাগেছে, হরিণঘাটা বনে আনুমানিক পাঁচ হাজার চিত্রল হরিণ রয়েছে। বনটি প্রধানত গ্রিনবেল্ট হিসেবে দুর্যোগ থেকে রক্ষার উদ্দেশ্যে সৃষ্ট। তবে এটাকে জীববৈচিত্র্য গবেষণা ও শিক্ষার উপযুক্ত ক্ষেত্র হিসেবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। আর সুন্দরবন ও টেংরাগিরির (ফাতরা বন) মধ্যবর্তী স্থানে অবস্থিত এই পর্যটন স্পটটি হতে পারে একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্র।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।