![]() খালেদা জিয়া রাজাকারদের রক্ষায় আরেকটি যুদ্ধ করতে চায়ঃ আবুল হাসানাত আব্দুল্লাহ
১৫ November ২০১১ Tuesday ১০:২৩:২৪ PM
![]() উজিরপুরে আ’লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করছেন সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুলাহ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) উজিরপুর, ১৫ নভেম্বর (এমদাদুল কাসেম সেন্টু/আমাদের বরিশাল ডটকম): ‘খালেদা জিয়া যুদ্ধ অপারাধীদের বিচারের হাত থেকে রক্ষায় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি রাজাকারদের রক্ষার জন্য আরেকটি যুদ্ধ করতে চায়। আমরাও প্রস্তুত আছি, ৭১ এর মত আবার যুদ্ধ করে তাদের পরাজিত করব।’ ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উজিরপুরে সাতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ উজিরপুর উপজেলা শাখার সদস্যপদ সংগ্রহ উদ্বোধন এবং বাংলাদেশ আ’লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালিপাড়ার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আব্দুল্লাহ্ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘ওরা ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠছে। জনগণ ওদের নির্যাতনের কথা ভুলে যায়নি। বিগত শাসন আমলে জোট সরকার প্রায় ২৪ হাজার আওয়ামীলীগ নেতাকর্মীকে হত্যা করেছে। নারী নির্যাতন থেকে শুরু করে ধান পর্যন্ত লুট করে নিয়ে গেছে। মহাজোট সরকার ক্ষমতার আসার পর বিরোধী দলীয় নেতাকর্মীদের কোন নির্যাতন করা হয়নি। অথচ ৩ বছর না যেতেই নিজামী, গোলাম আজম, সাকা চৌধুরীসহ যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য রোড মার্চের নামে গাড়ী বহর নিয়ে হুংকার দিচ্ছে।’ এসময় তিনি বলেন, ‘যাদের সাপে কাটেনি, তারা কি করে বিষ অনুভব করবে? আমি পচাত্তরে ঘাতকদের হাতে বাবা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন হারিয়ে নির্যাতনের ব্যাথা অনুভব করছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রীর কাছে আমি দক্ষিণাঞ্চলের উন্নয়নের তালিকা দিয়েছে। তিনি ওই তালিকা অনুযায়ী উন্নয়ন করছেন। আওয়ামীলীগের শাসন আমলে দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদবিয়া সেতু নির্মাণ, বরিশাল শিক্ষা বোর্ডসহ যে উন্নয়ন করা হয়েছে তা কোন সরকারের আমলেই হয়নি।’ আগামী জানুয়ারীতে লেবুখালী সেতুর কাজ শুরু হবে বলে জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি খালেক আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বরিশাল ১ আসনের সাংসদ তালুকদার মোঃ ইউনুস, স্থানীয় সাংসদ মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আ’লীগের সাধারণ সম্পাদক এস,এম জামাল হোসেন, যুবলীগের সভাপতি মজিদ সিকদার বাচ্চু, ছাত্রলীগের গিয়াস উদ্দিন, সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সবুজ প্রমূখ। সভা শেষ হওয়ার মুহুর্তে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড: ইউসুফ হোসেন হুমায়ুন সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রীর কোটালিপাড়ার সমাবেশ সফল করার আহ্বান জানান। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

