
চট্টগ্রামে নিহত সুজনের বাবার সংবাদ সম্মেলনঃ পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
আমাদেরবরিশাল.কম
২ April ২০১২ Monday ১২:০৬:১৪ PM
বেতাগী, ২ এপ্রিল (সাইদুল ইসলাম মন্টু/আমাদের বরিশাল ডটকম): গত ২৯ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত বেতাগীর রাকিব হাসান সুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে সুজনের বাবা অভিযোগ করেছেন। ২ এপ্রিল বেতাগী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার অভিযোগের তীর সুজনের প্রেমিকা টুম্পার বাবা আজিজুর রহমান, শফিকুর রহমান, মা ও চাচির বিরুদ্ধে। এর আগে গত ৩১ মার্চ শনিবার সুজনের লাশ তার গ্রামের বাড়ি বেতাগী উপজেলার ফুলতলা গ্রামে পৌছার পর তাকে পারিবারিক গোরস্তানে দাফন কারা হয়। সুজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, সুজন তার বাবা আঃ কাদের (মনির বিশ্বাস) ও মা সাথী বেগমের সাথে চট্টগ্রামের নয়া বাজার পানির কল এলাকায় থেকে লেখা পড়া করত। ঘটনার দিন ২৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে প্রেমিকা টুম্পা সুজনের কাছে মোবাইল করে। সুজন ঘুমে থাকায় তার মা সাথী বেগম ফোন ধরে। টুম্পা তার কাছে সুজনের ছাত্রী হিসেবে পরিচয় দেয় এবং নগরীর কাপাসগোলা সড়কে তার চাচা শফিকুর রহমানের বাসায় পরীক্ষার প্রাকটিকাল খাতা নিয়ে যেতে বলেন। এ প্রেক্ষিতে সকাল ১১ টার দিকে সে ওই ঠিকানা অনুযায়ী টুম্পার চাচার বাসায় যায়। দুপুর গড়িয়ে সন্ধা ছেলে না ফেরায় মায়ের উদ্বিগ্ন হয়ে পড়েন।
মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও সুজনের ফোন বন্ধ পায়। এভাবেই রাত পার হয়। ৩০ মার্চ শুক্রবার নগরীর বিভিন্ন হাসপাতালে খোঁজা খুঁজির পর না পেয়ে সন্তানের চিন্তায় মা সাথী বেগম ভেঙে পরেন। এরই মধ্যে ষ্টুডিওর এক কর্মচারি বাসায় কড়া নেড়ে সুজনের ছবি দেখিয়ে অসুস্থতার কথা বলে তার মাকে কোতয়ালী থানায় যেতে বলে। সেখানে গিয়ে তিনি শুনতে পান তার ছেলে গন পিটুনিতে নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। মর্গে পৌছে তার ছেলের লাশ চিহিৃত করেন তিনি কিন্তু সেখানে উপস্থিত থাকা কতিপয় লোক বেওয়ারিশ হিসেবে সুজনের লাশ দাফনের চেষ্টা করে। সুজনের মায়ের ডাক চিৎকারে ওরা চলে গেলে এম্বুলেন্সযোগে সুজনের লাশ বেতাগীতে নিয়ে আসা হয়। সুজনের মৃত্যুর খবরে তার গ্রামে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। আত্বীয় স্বজনসহ স্থানীয় শত শত মানুষ লাশ দেখে কান্নায় ভেঙে পরেন।
সুজনের বাবা আঃ কাদের বিশ্বাস তার ছেলের মৃত্যুর ঘটনায় ২ এপ্রিল সোমবার বেতাগী প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে। এ সময় লিখিত বক্ত্যব্যে তিনি অভিযোগ করেন, সুজনের সাথে টুম্পার প্রেমের সম্পর্ক থাকার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাসায় ডেকে চুরির নাটক সাজিয়ে টুম্পার স্বজনরা প্রথমে রড দিয়ে সুজনের মাথায় আঘাত করে। পরে টুম্পার বাবা, চাচা, মা ও চাচি শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তিনি এ হত্যা ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে চট্টগ্রাম কোতয়ালী থানা পুলিশ জানায়, এ ঘটনায় তাদের থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।
এদিকে মেধাবী ছাত্র সুজন নিহত হওয়ার ঘটনায় হোসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান ও পৌর আওয়ামীলীগ সভাপতি বাবুল আক্তার শোকাগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সুজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
–
(আমাদের বরিশাল ডটকম/বেতাগী/সাই/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
|