![]() আতঙ্কিত গ্রাহকরা খুঁজে বেড়াচ্ছেন কোট টাই পড়া বাবুদের
৪ April ২০১২ Wednesday ২:৪৫:২৭ PM
![]() ডেসটিনি’র বানারীপাড়া পৌর শহরের একটি অফিসে ২ দিন ধরে তালা ঝুলছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) বরিশাল ডেস্ক :: বিতর্কিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০’র কর্তৃপক্ষের অর্থ আত্মসাত ও বিভিন্ন দুর্নীতির সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হওয়ায় পর আতঙ্কিত হয়ে পড়েছেন বানারীপাড়ার গ্রাহকরা। কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে তারা তাদের সর্বস্ব তুলে দিয়েছিলেন কোট টাই পড়া ডেসটিনি’র সেই কর্মকর্তা বাবুদের হাতে। আর সহজ সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে ডেসটিনি’র টাকা লুটে নেয়ার বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে ডেসটিনি’র বানারীপাড়া পৌর শহরের ৪টি অফিসে তালা ঝুলিয়ে কোট টাই পড়া কর্মকর্তা ও মাঠকর্মীরা গা ঢাকা দিয়েছেন। এদিকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুদ্ধ গ্রাহক ও ডিস্ট্রিবিউটররা তাদের জমা দেয়া টাকা ফেরত পাওয়ার জন্য অফিসের সামনে এসে তালাবদ্ধ অফিস দেখে হতাশ চিত্তে ফিরে যাচ্ছেন। এদিকে ডিস্ট্রিবিউটররা মাঠকর্মীদের বাড়ি গিয়েও তাদেরকে খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এদের মধ্যে থেকে সলিয়াবাকপুর গ্রামের বেসরকারী চাকুরিজীবি সৈয়দ মোঃ শাহীন জানান, ধারালিয়া এলাকার ডেসটিনি’র ডায়মন্ডখ্যাত মনিরুল ইসলামের মাধ্যমে তিনি ২৪ লাখ টাকা পাওয়ার আশায় ১২ বছর মেয়াদে ৪ লাখ টাকা জমা রাখেন। ডেসটিনির দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার পর থেকে সে তার লভ্যাংশ ছাড়াই শুধুমাত্র আসল টাকা ফিরে পেতে চান। কিন্তু অফিসে তালা ঝুলিয়ে কর্মকর্তা ও মাঠকর্মীরা গা ঢাকা দেয়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে পশ্চিম চাখার গ্রামের রড মিস্ত্রি মোঃ আরিফ হোসেন জানান, ৬ হাজার ৩ শত টাকায় ১০ বছর মেয়াদে ১ লাখ টাকা পাওয়ার স্বপ্নে তিনি পাবর্ত্য এলাকায় ট্রি-প্লান্টেশন প্যাকেজ ক্রয় করেন। সে বর্তমানে লাভ ছাড়াই তার লগ্নিকৃত টাকা ফেরত পেতে চান। কিন্তু হটাৎ করে অফিস বন্ধ করে দেয়ায় এবং কর্মকর্তারা পালিয়ে যাওয়ায় তিনি কার কাছে যাবেন তা ভেবে পাচ্ছেন না। তিনি তার টাকা ফেরত পেতে প্রসাশনের পদক্ষেপ নেয়ার দাবী জানান। একইভাবে সাধারণ মানুষ ডেসটিনিতে জমা রাখা তাদের লগ্নিকৃত টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের সহযোগীতার দাবি করছে। বানারীপাড়ায় ডেসটিনির প্রায় ১০ সহস্রাধিক গ্রাহক রয়েছে বলে জানা গেছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

