![]() দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোন কারণ নেইঃ বিবি গভর্নর ড.আতিউর রহমান
১২ April ২০১২ Thursday ১০:২৫:৩০ PM
![]() আগৈলঝাড়ায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) সাইদুর রহমান স্বপন, আগৈলঝাড়া :: ‘দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোন কারণ নেই। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব থাকলেও বাংলাদেশে অর্থনৈতিক মন্দাভাব নেই। গত ৩ বছরে বৈদেশিক মূদ্রা দ্বিগুন করেছি। চলতি বছর ১ টন চালও বিদেশ থেকে আমদানী করতে হয়নি। দেশে আমদানীর পরিমানের চেয়ে রপ্তানী কম হওয়ায় ডলারের দাম উর্ধমুখী। স্বাধীনতার সময়ের চেয়ে এখন ১৮ গুন প্রবৃদ্ধি বেড়েছে।’ ১২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ব্যাংকার, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ কথা বলেন। কৃষক ও নারী উদ্যোক্তাদের ঋণদান সম্পর্কে তিনি বলেন, ‘গ্রামের মানুষ ভাল থাকলে শহরের মানুষ ভাল থাকবে। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আপনি কাজ করুন, দেশ ভাল থাকবে, আপনিও ভাল থাকবেন। এখানে কৃষি, কুটির শিল্প, মৎস্য চাষ, পান বরজ, ছোট-খাটো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলুন, ইউএ ফান্ড থেকে ৮ বছর পর্যন্ত বিনা সুদে কৃষক, মৎস্যজীবিদের ঋণের অর্থের যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশেষ ঋণের ব্যবস্থা। তারা ৫ শতাংশ হারে সুদে অর্থনৈতিক সহযোগিতা পাবেন।’ তিনি বলেন, ‘২৬ লাখ কৃষককে এবং ২৫ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির জন্য আমরা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলে দিয়েছি। যাতে কোন মধ্যস্বত্বভোগীরা কোন রকমে আর্থিকভাবে লাভবান হতে না পারে। গ্রাহকরাও প্রতারিত হবেন না। আগে বিদেশ থেকে টাকা পাঠালে দিনের পর দিন অপেক্ষা করতে হত। এখন মোবাইল ব্যাংকিং চালু হওয়ায় দিনের টাকা দিনেই পেয়ে যান গ্রাহক। এমন দিন আসবে যখন ব্যাংকে আসতে হবেনা। মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে ব্যাংক বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে। ব্যাংকের মত সেবা দেয় কিন্তু ব্যাংক নয়, এমন প্রতিষ্ঠানের অতিলোভের ফাঁদে পা দেবেন না। আসুন সবাই মিলে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। আমাদের দেশকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা।’ বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, গৌরনদী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান, টরকী বন্দর সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শামিমুল ইসলাম, নারী উদ্যোক্তা শোভা রায়, ব্যবসায়ী অমল বিশ্বাস, হান্নান মোল্লা প্রমুখ। এসময় গভর্নরের সাথে ছিলেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. শুভেন্দু দাশগুপ্ত ও তার সহধর্মিনী কেয়া দাশগুপ্তা। মতবিনিময় সভার পরে গভর্নর ৫০ শয্যার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান বাড়ানোর জন্য সাউথ ইস্ট ব্যাংকের অর্থায়নে একটি জেনারেটর ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে একটি ইসিজি মেশিন প্রদান করেন। বিকেলে গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইউসুফ মোল্লার সভাপতিত্বে সৈয়দ আবুল হোসেন কল্যান ট্রাষ্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ওই স্কুলের ২২ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ার প্রমুখ। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান তার বন্ধু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. শুভেন্দু দাশগুপ্তের মামাবাড়ি গৈলা গ্রামের উপেন্দ্র দাশগুপ্তর বাড়ি পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান উপমহাদেশের ইতিহাসখ্যাত পদ্মপুরাণ বা মনসা মঙ্গলের রচয়িতা কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শন করেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

