" />
AmaderBarisal.com Logo

আগৈলঝাড়ায় মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রিঃ কৃষকদের বিক্ষোভ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ


আমাদেরবরিশাল.কম

২০ April ২০১২ Friday ৯:০৯:৫৬ PM

ক্ষতিগ্রস্থ কৃষক

ক্ষতিগ্রস্থ শতশত কৃষকদের বাকাল হাটে ধান হাতে নিয়ে বিক্ষোভ মিছিল (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

সাইদুর রহমান স্বপন, আগৈলঝাড়া :: বরিশালের আগৈলঝারা উপজেলায় মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রি করার অভিযোগে বিক্ষোভ করেছেন সেখানকার কৃষকরা। বিক্ষুদ্ধ কৃষকরা এ সময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন এবং মেয়াদোর্ত্তীর্ন কীটনাশকের ডিলারের উপর হামলা করে তার ব্যবহৃত মটর সাইকেল ভাংচুর করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিলারকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। ২০ এপ্রিল শুক্রবার সকালে আগৈলঝারা উপজেলার বাকাল হাটে এ বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভের পর বিকেলে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা কৃষি কর্মকর্তা ও সেমকো কোম্পানীর প্রতিনিধি মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্থ ইরি-বোরো ক্ষেত পরিদর্শন করেছেন। এদিকে মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রয়কারী ডিলারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল হাটে খুচরা কিটনাশক বিক্রেতা বাবু লাল রাহার কাছ থেকে সেখানকার কৃষকরা বাদামী গাছ ফরিং (কারেন্ট পোকা) থেকে রেহাই পেতে সেমকো কোম্পানির সপসিন-৭৫ জমিতে প্রয়োগ করে। সপসিন প্যাকেটের গায়ে মেয়াদ ২০১১ সাল পর্যন্ত লেখা থাকলেও উপজেলা সদরের কিটনাশক ডিলার বিধান মন্ডল ২০১১ সালের স্থলে কলম দিয়ে নিজে ২০১৪ বানিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। বাকাল গ্রামের কৃষক অমল বাড়ৈ, বাবুল মোল্লা, কামাল মিয়া, শিপলু ফকির, আনিচ ফকির, ধীরেন বাড়ৈ, ছলেমান মোল্লা, শুকলাল ফকির, জলিল ফকির, নুরু ফকির, আয়নাল হক ফকির, মিরাজ ফকির, দেলোয়ার মোল্লা, ফারুখ ফকির, করম আলী ফকিরসহ শতাধিক কৃষক বাকাল হাটের খুচরা বিক্রেতা বাবু লাল রাহার কাছ থেকে মেয়াদোর্ত্তীর্ন ওই কীটনাশক কিনেন। বাকাল গ্রামের ৩টি ইরি-বোরো ব্লক, পূর্ব বাকাল গ্রামের ৫টি, নওপাড়া-ডুমুরিয়ার ৪টি, পশ্চিম বাকালর ৫টিসহ মোট ২০টি ব্লকের শত শত কৃষকরা মেয়াদ উত্তীর্ন এ কীটনাশক প্রয়োগ করলে তাদের ধান পুড়ে যায় এবং পোকার আক্রমনে নষ্ট হয়ে যায়।

সুজনকাঠী গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক কামাল মোল্লা আমাদের বরিশাল ডটকমকে জানান, বিভিন্ন এনজিও থেকে ৪০ হাজার টাকা লোন নিয়ে ১ একর জমিতে ইরি-বোরো চাষ করেছি। মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক ব্যবহার করার ফলে ক্ষেতের বেশীরভাগ ধান পুড়ে গেছে। ৬০শতক জমিতে পাওয়া গেছে মাত্র ৫মন ধান।

এ ঘটনা জানতে পেরে ২০ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ সরকার বাকাল হাটে গেলে বিক্ষুদ্ধ কৃষকরা তাকে অবরুদ্ধ করে রাখে এবং স্থানীয় কিটনাশক বিক্রেতা বাবু লাল রাহা ও উপজেলা সদরের পাইকারী বিক্রেতা বিধান মন্ডলের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে বিক্ষোভ মিছিল করেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয় বিক্রেতা বাবু লাল রাহা দোকান তালাবন্ধ করে পালিয়ে যায়।

এসময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ সরকার মোবাইলে উপজেলা সদরের কীটনাশন ডিলার বিধান মন্ডলকে ঘটনাস্থলে আসার জন্য বলেন। তিনি মোটর সাইকেল যোগে বাকাল হাটে পৌছামাত্র বিক্ষুদ্ধ কৃষকরা বিধানের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচুর করা হয়।

খবর শুনে থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস ঘটনাস্থলে গিয়ে ডিলার বিধানকে আটক করে পুলিশ প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে এবং কৃষকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

২০ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, জেলা উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ রমেন্দ্রনাথ বাড়ৈ, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম ও কীটনাশক প্রস্তুতকারক সেমকো কোম্পানীর প্রতিনিধি মনিরুজ্জামান মনির ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক ব্যাবহার করায় তা কৃষকদের কোন কাজে আসেনি। এতে পোকার আক্রমনে কৃষকদের ধান নষ্ট হয়ে গেছে। মেয়াদোর্ত্তীর্ন বিক্রির জন্য দায়ী ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

বরিশাল জেলা কৃষি কর্মকর্তা রমেন্দ্র নাথ বাড়ৈ বলেন, ডিলার বিধান মন্ডলের বিরুদ্ধে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস বলেন, এই মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক যে সকল কৃষক ব্যবহার করছেন তাদের বিপুল পরিমান ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষ থেকে কৃষি কর্মকর্তার কাছে মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রি করা ডিলারের ডিলারশীপ বাতিল, মামলা করা এবং কৃষকদের ক্ষতিপূরন দেয়ার দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এস,আই) আলাউদ্দিন জানান, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রির সাথে জড়িত ডিলার ও সাব ডিলাররা সকলে এলাকা ছেড়ে পালিয়েছে।

(আমাদের বরিশাল ডটকম/আগৈলঝাড়া/সার/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।