" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে দফায়-দফায় সংঘর্ষে আহত ১৫


আমাদেরবরিশাল.কম

২০ April ২০১২ Friday ৪:৫৮:৩৪ PM

রাজাপুর, ২০ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বশেষ ২০ এপ্রিল শুক্রবার দুপুর ১টা পর্যন্ত উভয় পক্ষের কমপক্ষে ১৫ আহত হয়েছে। গভীর রাতে উপজেলা সদরের এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু লাল দাশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগে জানা গেছে- অনুষ্ঠানের দর্শক সারিতে বসা রাজাপুর উপজেলা সদরের ভাড়াটিয়া বেলায়েতের ছেলে নাদিম ও বাগড়ি গ্রামের শাহজাহান সিকদারের ছেলে ঈমনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানের মধ্যে বসে কথাকাটাকাটি হয়। এ সময় নাদিম অকথ্যভাষায় গালমন্দ করে। পরে ঈমনও তার লোকজন বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল রোড এলাকায় নাদিম ও তার পিতা বেলায়েত এবং বেলায়েতের জামাতা সন্ত্রাসী সোহাগ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এসে ঈমনের (২২) উপরে হামলা চালায়। এতে ঈমন গুরুতর আহত হয়। এ সময় ঈমনের সাথের লোকজন বাধা দিলে তাদের উপরেও হামলা চালানো হয়। এতে আহত হয়- বাবু (২২), অনি (১৭), রাজীব (২৩), অনাত (১৭), রাহাত (১৭), টুনু (১৯), নবীব (১৪)। আহতদের মধ্যে ৫ জন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

রাজাপুর থানা পুলিশ কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিস্থিতি ওই সময় নিয়ন্ত্রনে আনলেও ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে আবার থানা রোড, পুরাতন হাসপাতাল রোড এবং ২০ এপ্রিল শুক্রবার সকালে বাগড়ি বাজারে ও উত্তর বাগড়ি এলাকায় এ নিয়ে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অপর পক্ষের বেলায়েত (৪৫) ও তার ছেলে নাদিম (১৮) ও জামাতা সন্ত্রাসী সোহাগ (২৭) আহত হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে রাজাপুর থানার (ভারপ্রাপ্ত ওসি) এসআই হালিম তালুকদার জানান, অনুষ্ঠানের মধ্যে পানি খাওয়া ও বসা নিয়ে এ ঘটনার সূত্রপাত ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন একে অপরকে ধাওয়া করায় কোন পক্ষের লোকজনই এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি।

এদিকে সাইথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মামুনের দাবী তাদের অনুষ্ঠানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মনিরুজ্জামান মামুন জানান, পুলিশ অনুষ্ঠান বন্ধ করতে বলার পরে রাত ১২টার দিকে অনুষ্ঠান বন্ধ করা হয়।


(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/ররে/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।