![]() ভোলায় সওজ’র চালককে এসিডে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা, আটক ১
১৮ May ২০১২ Friday ১:৪৯:২০ PM
ভোলা, ১৭ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার বোরহানউদ্দিনে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে কাজল চৌধুরী (৫৫) নামের সড়ক বিভাগের এক রোলার চালককে এসিড দিয়ে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা। ১৭ মে বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাশেদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে এসিড দগ্ধ কাজল চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এসিড দগ্ধ আহত কাজল চৌধুরী জানান, তিনি সড়ক ও জনপথ বিভাগের লালমোহনে রোলার চালক পদে চাকুরী করছেন। ১৭ মে বৃহস্পতিবার হরতালে গাড়ি চলাচল বন্ধ থাকার খবরে তিনি খুব ভোরে বাইসাইকেল যোগে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অফিসে রওয়ানা দেন। বাড়ির পার্শ্ববর্তী হোসেন হাজী বাড়ির বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় রাশেদের নেতৃত্বে ২/৩ জন তার উপর এসিড নিক্ষেপ করে এবং দা দিয়ে কূপিয়ে পায়ে জখম করে। এতে তার মুখমন্ডল, বুক, দুই হাত ও পায়ের বেশকিছু অংশে এসিডে ঝলসে গেছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। ভোলা সদর হাসাপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মহিবুল্যাহ জানান, কাজল চৌধুরীর গায়ে দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো হয়েছে। এগুলো এসিড কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাবে না। ঢাকা ছাড়া এ পরীক্ষার কোন ব্যবস্থা নেই। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, এ ঘটনায় রাশেদ (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ডাক্তারি পরীক্ষা ছাড়া বিষয়টি এসিড কিনা নিশ্চিত হওয়া যাবে না। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
