![]() জেলা প্রসাশকের নির্দেশে বরগুনায় ইজারাদারকে লাঠিপেটা, প্রতিবাদে বন্ধ ফেরী চলাচল
৮ May ২০১২ Tuesday ৩:৫৭:৫৯ PM
বরগুনা, ৮ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বড়ইতলা-বাইনচটকী ফেরীর ইজারাদার আবুল কালাম আজাদকে লাঠিপেটার প্রতিবাদে ৮ মে মঙ্গলবার সকাল থেকে আধাবেলা বন্ধ ছিল বড়ইতলা-বাইনচটকী ফেরী চলাচল। এর আগে ৭ মে সন্ধ্যা ৬ টায় সময়মত ফেরী না ছাড়ার অপরাধে জেলা প্রশাসকের নির্দেশে ফেরীর ইজারাদারকে লাঠিপেটা করে তার (জেলা প্রশাসকের) নিরাপত্তা রক্ষী। হটাৎ করে ফেরী বন্ধ করে দেয়ায় পারপারের জন্য আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এর পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসক হাসপাতালে গিয়ে নিজের ভুল স্বীকার করে আহত ইজারাদারের চিকিৎসার দায়িত্ব গ্রহন করলে পুনরায় ফেরী চলাচল শুরু হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৭ মে সোমবার জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান প্রশাসনিক কাজে বামনা উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে তিনি বাইনচটকী ফেরী ঘাটে আসেন। এসময় জেলা প্রশাসকের সিএ হুমায়ুন কবির ফেরী স্টাফ এমাদুলকে ফোন করে ফেরীটি বড়ইতলা থেকে তাড়াতাড়ি ছেড়ে আসতে বলেন। এমাদুল ছুটিতে থাকায় ফেরীর ইজারাদারকে খবরটি জানাতে দেরী করে ফেলেন। ফেরীর ইজারাদার আবুল কালাম জানান, বিকেল পাঁচটার দিকে ফেরীটি ছাড়ার কথা থাকলেও তাদের ছাড়তে ৪/৫ মিনিট দেরী হয়েছে। তিনি আরো জানান, তারা পাঁচটা ৪০ মিনিটের সময় ফেরী নিয়ে বাইনচটকী ফেরীঘাটে পৌছলে জেলা প্রশাসক তার নিরাপত্তা রক্ষীকে কবির হোসেনকে তাকে (ইজারাদারকে) পেটানোর নির্দেশ দেন। নিরাপত্তা রক্ষী কবির হোসেন জেলা প্রশাসকের নির্দেশে ফেরীর ইজারাদারকে পেটানোর কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে বরগুনা জেলা প্রশাসক আমাদের বরিশাল ডটকমকে জানান, সেসময় রাগের মাথায় তিনি ইজারাদারকে পেটানোর নির্দেশ দিয়েছিলেন। অনাকাঙ্খিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, আমি আজ (৮ মেমঙ্গলবার) সকালে হাসপাতালে গিয়ে ইজারাদারের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। এসময় ইজারাদারের চিকিৎসার ব্যাপারে সহায়তা করার করার আশ্বাস দেন তিনি। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
