" />
AmaderBarisal.com Logo

বরিশালে বাসায় ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যাচেষ্টা


আমাদেরবরিশাল.কম

১৬ May ২০১২ Wednesday ৬:৪১:২৯ PM

বরিশাল ডেস্ক :: বরিশাল নগরীতে বাসায় ঢুকে আরিফুর রহমান জিসান (২৩) নামে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ১৫ মে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কাশিপুর ফিশারী রোডে আল্লাহর দান মসজিদ সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জিসান ঝালকাঠী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সৌদি প্রবাসী আব্দুল হামিদের ছেলে। ১৬ মে বুধবার সকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জিসানের মা মিনু বেগম জানান, তিনি তার সন্তানকে নিয়ে নগরীর কাশিপুর ফিশারী রোডের আল্লাহর দান মসজিদ সংলগ্ন বাসায় থাকেন। ১৫ মে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসার বারান্দার গ্রীল ও দরজা ভেঙ্গে ৭/৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তাদের পরনে ছিল হাফপ্যান্ট ও মুখ ছিল মুখোশে ঢাকা। তারা বাসায় ঢুকে সবাইকে জিম্মি করে সোজা জিসানের রুমে গিয়ে কোন কিছু না বলেই জিসানকে গুলি করে। এতে জিসানের বাম পাজরে দুটি গুলি লাগে। এসময় তিনি (জিসানের মা মিনু বেগম) দুবৃর্ত্তৃদের কাছে ছেলের প্রাণ ভিক্ষা চাইলে দুর্বৃত্তরা তার কানের দুল, গলার চেইন ও ঘরে থাকা ৩টি মোবাইল সেট নিয়ে চলে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর জিসানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিবেশীরা জানান, জিসান ও তার পরিবার এলাকায় নীরিহ হিসাবে তাদের কাছে পরিচিত। তাকে হত্যার উদ্দেশ্যে ঘরে ঢুকে গুলি করার মত কোন কারন তারা খুজে পাচ্ছেননা।

এদিকে ঘরে ঢুকে কলেজছাত্রকে গুলিবিদ্ধ করার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ১৬ মে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন পিপিএম আমাদের বরিশাল ডটকমকে জানান, স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি তবে ঘটনার কারণ উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।