![]() ঈদে বরিশালের বাড়িতে যাওয়াটাই ছিল একটা আনন্দ
৯ August ২০১৯ Friday ১:২৫:১২ PM
![]() ঈদ মানে একটা ছুটির দিন। আর এই বয়সে আমার কাছে এখন ঈদ হলো
পরিবারের সঙ্গে থাকা, শুটিংয়ে না যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার
সুযোগ। শৈশব-কৈশোর পার হয়ে আসার পর ঈদ নিয়ে প্রচলিত যে আবেগ, সেগুলো খুব
বেশি স্পর্শ করত না আমাকে। নব্বইয়ের দশকে আমার কাছে ঈদের উত্তাপ হারিয়ে গিয়েছিল। ঈদ মানে তখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা থাকত। রিকশায় চেপে বেড়ানো যেত। সেটাও বিশেষ কোথাও না, বন্ধুর বাসায়। যে বন্ধুদের সঙ্গে নিয়ম করে আড্ডা হতো, তাদের মধ্যে অন্যতম হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ইউসুফ হাসান অর্ক, আমার দল ‘নাট্যকেন্দ্র’র বন্ধু ফজলুল কবির তুহিনের বাসা। এখনো রিকশায় ঘুরতে পছন্দ করি আমি। এখন অবশ্য আড্ডা দেওয়ার সময় তেমন পাই না। পেলে তাদের সঙ্গেই আড্ডা দিই। শুটিং করতে করতে অস্থির লাগলে, ভারাক্রান্ত মনে হলে চলে যাই তাদের কাছে। এই তো সেদিনও সারা রাত গান-বাজনা করলাম তুহিনের বাসায়। ঈদের আরেকটা রোমাঞ্চকর বিষয় ছিল ঈদকে কেন্দ্র করে বের হওয়া নতুন গানের ক্যাসেটগুলো। সেগুলো নিয়ে একধরনের উত্তেজনা ছিল। সেগুলো কিনতে ও শুনতে হবে—এ রকম একটা তাড়না কাজ করত আমার ভেতরে। তখন যাঁদের শুনতাম, সেই শিল্পীরা এখনো সরব, যেমন কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী। ব্যান্ডের মধ্যে ছিল ফিডব্যাক, মাইলস। তখনকার দিনের সেই গানগুলো শুনলে এখনো মনে হয়, ফিরে গেছি সেই সময়ে। মনে পড়ে, মাকসুদ ভাইয়ের গাওয়া ‘মনে পড়ে তোমায়’ গানটার কথা। গানটা আজও ভালো লাগে। কোরবানির ঈদ আমার কাছে অন্যদের মতো নয়। সবাই যেমন গরু কিনতে যায়, গরু-খাসির দেখভাল করে, আমার সে রকম কোনো প্রবণতা ছিল না কখনো, এখনো নেই। ছোটবেলা থেকেই হাট-বাজার আমার পছন্দ না। ভিড়, ঠেলাঠেলি—এগুলো সব সময় এড়িয়ে চলতাম। শৈশবে দেখেছি, বাড়িতে কোরবানির ব্যবস্থাপনা বাবাই করছেন। ১৯৮৯ সালে তিনি চলে গেলেন। সত্যি বলতে, ঈদ নিয়ে আর দশজন সাধারণ মানুষের যে ধরন, পারিবারিক বা সামাজিক যে চর্চা, সেটা আমার ভেতরে তেমন ছিল না, বরং একটা বোহেমিয়ান ব্যাপার ছিল। কী বলব, আমার কাছে এখনো ঈদ মানে একটা ফাঁকা শহর, যেখানে রিকশায় ঘুরে বেড়ানো যাবে, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়া যাবে আর হবে আড্ডা, তুখোড় আড্ডা। মোশাররফ করিম: অভিনয়শিল্পী। -প্রথম আলো থেকে সংগ্রহীত সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

