" />
AmaderBarisal.com Logo

ভোলার দুই পৌরসভার তফসিল ঘোষণা: বইছে নির্বাচনী হাওয়া


আমাদেরবরিশাল.কম

১৫ December ২০২০ Tuesday ৩:৩৩:২১ PM

অচিন্ত্য মজুমদার, ভোলা।।

ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে করে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া। তৃতীয় ধাপে ওই দুই পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনের এ তফসিল ঘোষণা করে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ জানুয়ারী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। ভোট গ্রহণের তারিখ ৩০ জানুয়ারী।

পৌরসভা গুলোর সূত্র জানায়, ১৯৯৮ সালে বোরহানউদ্দিন শহরকে পৌরসভায় রূপান্তর করা হয়। বোরহানউদ্দিন পৌরসভায় ৩ দশমিক ২৬ বর্গ কিলোমিটার জুড়ে বর্তমানে ৯টি ওয়ার্ড রয়েছে। ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১০ হাজার ৭০১ জন। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বর মাসে পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ পৌরসভার জনসংখ্যা ১৩ হাজার ১১০ জন। তবে বর্তমানে এই পৌরসভায় জনসংখ্যা ৩০ হাজারেরও বেশি বলে দাবি পৌরমেয়র মোঃ রফিকুল ইসলামের।

অপরদিকে ১৯৯৮ সালে দৌলতখান শহরকে পৌরসভায় রূপান্তর করা হয়। দৌলতখান পৌরসভায় ২ দশমিক ৫০ বর্গ কিলোমিটারজুড়ে বর্তমানে ৯টি ওয়ার্ড রয়েছে। ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১২ হাজার ৫০০ জন। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বর মাসে  পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ পৌরসভার জনসংখ্যা ১৬ হাজার ৭২৮ জন। তবে বর্তমানে এই পৌরসভার জনসংখ্যা ৩৫ হাজারেরও বেশি বলে দাবি পৌর মেয়র মোঃ জাকির হোসেন তালুকদারের।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক তোড়জোড় শুরু করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ বিরাজ করছে।এ নির্বাচনে শুধুমাত্র মেয়র পদেই রাজনৈতিক দলের প্রার্থী দেয়া যাবে।কাউন্সিলর পদে সবাই স্বতন্ত্রভাবেই নির্বাচন করবেন।গত দুইমাস আগে থাকতেই তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে মাঠে নেমেছেন।ইতিমধ্যে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এমনকি পাড়ায় মহল্লায়ও শুভেচ্ছা জানিয়ে রং বেরঙের পোস্টার চোখে পড়ছে।পাশাপাশি কেন্দ্রীয় মনোনয়ন পেতেও মেয়র প্রার্থীরা জোড় তদবির চালাচ্ছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।