![]() আমলাতন্ত্রের কাঠগড়ায় সাংবাদিকতা!
১৮ May ২০২১ Tuesday ৪:৩৯:৩৯ PM
সোহেল সানিঃ Rule of Law – মূলকথা হচ্ছে Every body is equal to the eye of law. মানে সাধারণভাবে এটাকেই বলে আইনের শাসন। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অন্যতম এ বৈশিষ্ট্যকে বুঝায় শাসক ও শাসিত একই আইনের অধীন। Sir Ibor Jennings এর মতে, প্রকৃত অর্থে আইনের শাসন বলতে বুঝায় সাংবিধানিক সরকার ব্যবস্থাকে। যে সরকারের বিরুদ্ধে সমালোচনা শুধু অনুমোদিত নয় বরং একটি উত্তম গুণ। আইনের শাসনের বৈশিষ্ট্য আপনা আপনি নির্গত হয়। তাই Justice Bhogaboti বলেন, আইনের শাসনের মূল উপাদান হলো যে, আইন অবশ্যই স্বেচ্ছাচারী বা অযৌক্তিক হবে না। কেননা আইনটি এমন আইন প্রণেতাদের কর্তৃক তৈরি, যারা জনগণের কাছে দায়বদ্ধ। আমলা কর্তৃক সাংবাদিক রোজিনা ইসলামের টুটি চেপে ধরে হত্যার চেষ্টা ও ফ্লোরে ফেলে পুলিশ বেষ্টনী দিয়ে ঘিরে রাখার লোমহর্ষক দৃশ্যকে আইনের পরিভাষায় কি বলবেন আমাদের আইন প্রণেতারা? যেখানে কোন আইন প্রণেতার মুখে শুনতে পেলাম না সহমর্মিতার ভাষা।সেখানে আইন বাস্তবায়নকারী আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ আশা করি কিভাবে? স্বাস্থ্যঅধিদপ্তরের দুর্নীতির চিত্র গণমাধ্যম ফলাও করে প্রকাশ করে আসছে। স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতা, দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। যায় যায় করেও মন্ত্রীর গদি যায়নি। একমাত্র সামরিক সরকারের কাজ জনগণের ব্যক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা হরণ করে তাদেরকে একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ রাখা। সংবাদপত্র সরকারের বিরুদ্ধাচরণ করলে কী কঠিন পরিণতি ভোগ করতে হয় – তা আমরা জিয়া-এরশাদ জামানায় দেখেছি। কিন্তু বর্তমান সরকার একটি সাংবিধানিক সরকার। প্রধানমন্ত্রীও সাংবাদিক বান্ধব। দৃষ্টান্ত মূলক শাস্তি দেখতে চাই। আমার মন বলছিল, একজন নারী সাংবাদিকের সঙ্গে এমন বর্বর আচরণে উচ্চ আদালত স্বপ্রনোদিত হয়ে সংশ্লিষ্টদের তলব করতে পারেন। দায়ী ব্যক্তিদের রাশ টেনে ধরতে পারেন। কেননা প্রশাসনিক কাজে বিচার বিভাগ ছয়টি উপায়ে আমলাতন্ত্রের ওপর নিয়ন্ত্রণ কার্যকর করার ক্ষমতা রাখেন। যেমন, (১) কো-ওয়ারেন্টো (২) ম্যানডেমাস (৩) হেবিয়াস কর্পাস (৪) ইনজাংশন (৫)সার্টিওয়ারি (৬) প্রোহিবিশন। আমি এখনো আশাবাদী। বিচার বিভাগ আমাদের শেষ আশ্রয়স্থল। বর্তমান সরকারকেই উদারপন্থী রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ ভুমিকা সত্ত্বেও এর বিরুদ্ধে তীব্রভাবে গড়ে ওঠা অসন্তোষ, ক্ষোভ-বিক্ষোভের বিষয়টি মাথায় রেখে একে নিয়ন্ত্রণের উপায় খুঁজতে হবে। নাগরিকদের চিন্তা ও ইচ্ছাকে প্রশাসন ব্যবস্থায় সংযুক্ত করতে না পারলে প্রশাসন সচেতন ও সংবেদনশীল হয়ে উঠবে না। আমলারা ক্ষমতার অপব্যবহার অন্যায় কাজ করেই যাবেন। আমরা জানি দফতরগুলোতে জনপ্রতিনিধি হিসাবে মন্ত্রী শাসনবিভাগের প্রধান নির্বাহী। প্রশাসনিক ক্ষেত্রে যা করা প্রয়োজন তা তিনি স্থির করেন। জনগণের স্বার্থে নজর রেখেই প্রশাসনিক কাজের গতিধারা ঠিক করেন এবং আমলাদেরকে সেভাবে কার্য পরিচালনার নির্দেশ দেন। এই উপায়ে আমলাদেরকে নিয়ন্ত্রণ করার কথা। কিন্তু বাস্তবে কি মন্ত্রীদের এই ক্ষমতা আছে? এটা কি বিশ্বাসযোগ্য? এটা ঠিক যে, আমলাতন্ত্রের বিপক্ষে যতকিছু বলা হোক না কেন, আধুনিক যুগেও আমলাতন্ত্রকে বাদ দিয়ে কোন রাষ্ট্রের শাসন ব্যবস্থাই চলতে পারে না। তবে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ প্রয়োজন। আমাদের আমলাতন্ত্র নিয়ে ঘেঁটেঘুটে দেখে মনে হলো, এগুলো করা যায়। যেমন, (১) অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রঃ উন্নয়নশীল দেশ হিসেবে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র একটা বড় সমস্যা। জনকল্যাণ ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের যে বিশেষ প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভূত হওয়ায় তা অনিশ্চিত আমলাতন্ত্রের জন্য বহুলাংশে ব্যাহত হচ্ছে। যাহোক, আমলারা সচরাচর নিজেদেরকে জনস্বার্থে স্ব-নিয়োজিত অভিভাবক ও ব্যাখ্যা দানকারী হিসেবে উপস্থাপন করে থাকেন। কাজেই তাদের বিরুদ্ধে জনসাধারণের প্রতি উদাসীনতা ও উদ্ধত হওয়ার অভিযোগ ওঠে। এ কারণেই আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের প্রয়োজন। সামরিক সরকারের মতো গণতান্ত্রিক সরকারও প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের এক স্থান থেকে অন্যস্থানে রদবদল করে। স্থান বদল হয় কর্ম মানসিকতা তো রয়ে যায়। প্রকৃতপক্ষে এতে সুফল আসেনা বরং প্রশাসনিক ব্যবস্থায় একটি অস্বাভাবিক অসন্তোষ দেখা দেয়। আমলারা আরো দুর্নীতিপরায়ণ হয়ে পড়ে। উন্নতির বদলে ঘটে অবনতি। যার দায়বহন করতে হয় সরকারকে। লেখকঃ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

