" />
AmaderBarisal.com Logo

প্রতিবেশীর সুরক্ষাই আপনার সুরক্ষার নিশ্চয়তা


আমাদেরবরিশাল.কম

১৩ July ২০২১ Tuesday ১:৩৫:০১ PM

“বলো কি তোমার ক্ষতি, জীবনের অথৈ নদী, পার হয় তোমাকে ধরে….  দুর্বল মানুষ যদি।”
সত্যিই তো ক্ষতি নয়, পথ চলতে অন্যকে একটু সহায়তা। 
আসুন আমরা করোনার এই ক্রান্তিলগ্নে নিজের শুধু সুরক্ষার জন্য নয়, অন্যের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেই। যে যেভাবে পারি পরোক্ষভাবে অসচেতন মানুষকে সচেতন করে তুলি। কেননা আপনার পাশের মানুষ সুরক্ষিত না থাকলে আপনিও সুরক্ষিত নন, যেকোন মূহুর্তে আপনার আমার সবার মধ্যে এ মরণঘাতী ভাইরাস সংক্রামিত হতে পারে। আপনার পাশের মানুষকে
 মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করি। কঠিন এই মহামারির কালে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে দলমত নির্বিশেষে পাড়া-মহল্লায় গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রতিবেশীর প্রতি মানবিক হয়ে উঠি। মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে আমরা অসহায় মানুষকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেই। ভুলে গেলে ভুল হবে যে, প্রতিবেশীর সুরক্ষাই কেবল আপনার সুরক্ষার নিশ্চয়তা। 
আমরা দেখতে চাই সরকারের মন্ত্রী ও এমপিরাও মানবিকতার হাত প্রসারিত করেছেন? করোনা কালীন  এ দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কারও কারও ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন উঠে আসছে প্রথম থেকেই। 
যাহোক করোনা শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। যারা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছিলেন তাদেরও অনেকের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসকসহ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তাকে হারিয়েছি। টেলিভিশনে সম্প্রচারিত বিশেষ বুলেটিনই এখন দেশবাসীর জন্য হয়ে গেছে প্রধান খবর। রাজনীতিবিদদের কাছ থেকেই  জনগণ প্রত্যাশা করে। জনগণও সত্যিকারের রাজনীতি দেখতে চাই।    
রাজনীতি দোষণীয় নয়, বরং একটি পবিত্র ব্রত। ব্রতগ্রহণের প্রেরণা প্রাণে জন্মে সাধারণ মানুষের হিতাকাঙ্ক্ষা থেকেই। 

ইত্তেফাক প্রতিষ্ঠাতা সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়া প্রয়াত হবার কিছুদিন আগে আওয়ামী লীগের একটি বিশেষ কাউন্সিল উদ্বোধন করেছিলেন। শেখ মুজিবুর রহমান তখনও বঙ্গবন্ধু হয়ে ওঠেননি। বাঙালি মুক্তির সনদ  ৬ দফার আন্দোলনে উত্তাল তখন পূর্বপাকিস্তান। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবসহ শীর্ষ নেতারা কারাগারে। ওই সংকটের মুখে বিশেষ কাউন্সিলটি অনুষ্ঠিত হয়।

তফাজ্জল হোসেন মানিক মিয়া তার উদ্বোধনী বক্তৃতায় বলেছিলেন, “যারা রাজনীতিকে ভাগ্যোন্নতির অবলম্বন বলে ভাবেন, তাদের উচিত ব্যবসা-বাণিজ্যে আত্মনিয়োগ করা, কন্ট্রাক্টরি করা, লাইসেন্স বা পারমিটের জন্য উমেদারি করা, কিন্তু রাজনীতি করা নয়। রাজনীতির একটিমাত্র অপাপবিদ্ধ উদ্দেশ্য, দেশ ও মানুষের কল্যাণ। কল্যাণসাধনের পথ বিঘ্নসঙ্কুল। এ পথে নিত্য উদ্যত দমন ও পীড়নের খরগ। গতানুগতিক বা প্রথাসিদ্ধ রাজনীতি নয়- সত্যিকার রাজনীতির বিঘ্নসঙ্কুল পথে যারা অভিযাত্রী, তারা মহাপ্রাণ, তারা শ্রদ্ধেয়। ক্ষুদ্রস্বার্থের বিচারবোধ বা নিশ্চিন্ত ও নিরাপদ পন্ডিতি বুদ্ধির চুলচেরা তর্কের মাধ্যমে তাদের কল্যাণবোধ ও মনুষ্যত্ববোধের পরিমাপ সম্ভব নয়। “

তফাজ্জল হোসেন মানিক ঠিকই বলেছিলেন, গণকল্যাণের রাজনীতি আর ক্ষমতার রাজনীতি এক নয়। রাজনীতি সুনিশ্চিতভাবে ক্ষমতা লাভের উপায়, কিন্তু উদ্দেশ্য নয়। যারা একে উদ্দেশ্য করে তোলেন তারা ক্ষমতার রাজনীতি করেন, গণকল্যাণের রাজনীতি করেন না।  
আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর বঙ্গবন্ধু দুঃখ-ত্যাগের অগ্নিপরীক্ষায় নবতর এক পরীক্ষায় অবতীর্ণ হন। সেই অগ্নিপরীক্ষায় ইস্পাত-দৃঢ় মনোবল ও দেশপ্রেম দেখিয়েছেন বলেই তিনি উত্তীর্ণ হয়েছেন। আওয়ামী লীগ এবং জনগণও একাট্টা হয়ে গিয়েছিলো। রাজনৈতিক নেতৃত্ব রাজনীতিবিদদের হাতে ছিলো বলেই মুক্তির সংগ্রাম সংঘটিত হয়েছে। একটি সফল মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। 
দেশের ভাগ্যনিয়ন্তা বা ভাগ্যনির্দেশকের ভূমিকায় বঙ্গবন্ধুরই কন্যা শেখ হাসিনা। দেশপ্রেম, সততা, দুর্জয় সাহস, সদিচ্ছা সর্বোপরি সত্যপ্রকাশে দূরন্ত সাহস নেতৃত্বকে বিশিষ্ট পর্যায়ে নিয়ে গেছে। কঠোর হস্তে দমনের অজস্র দৃষ্টান্তও তিনি দেখিয়েছেন। যে কারণে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।  

আমরাও চাই কর্মযজ্ঞের মাধ্যমে মন্ত্রী-এমপিরা সরকার প্রধানের প্রতি তাদের নিরঙ্কুশ আস্থা আনুগত্য প্রকাশ করুন। স্বার্থ হাসিলের জন্য তোষামোদি, বন্দনা ও চাটুকারিতা করে নয়। আসুন মানুষ বাঁচাতে মানুষের পাশে দাঁড়াই।

লেখকঃ সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও ইতিহাস বিশেষজ্ঞ।





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।