" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ


আমাদেরবরিশাল.কম

৯ December ২০২৩ Saturday ১১:৪৬:৫৫ PM

পিরোজপুর-১ (সদর-নেছারাবাদ-নাজিরপুর) আসনের নাজিরপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা হামলা করেছে বলে অভিযোগ ওঠেছে। অন্যদিকে হামলার পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে হামলার এ ঘটনা ঘটে। মাটিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বীপ্তেন মজুমদার জানান, স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের পক্ষে তারা উপজেলার বড়ইবুনিয়া চরঘাটায় কর্মী সমাবেশ করছিলেন। সমাবেশের শেষ দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিমের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সাতজন নেতাকর্মী আহত হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিমের বড় ভাই মো. নজরুল ইসলাম ওরফে বাবুল পাল্টা অভিযোগ করে বলেন, চরঘাটা এলাকা থেকে তাদের লোকজন যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের সমর্থকেরা তাদের ওপর হামলা করে। এতে তাদের তিন কর্মী আহত হয়েছে। পরে তাদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের একই এলাকায় কর্মী সমাবেশ থাকায় দুই পক্ষের মধ্যে সামান্য মারামারি হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।