" />
AmaderBarisal.com Logo

জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন বরগুনা


আমাদেরবরিশাল.কম

৩ April ২০২৪ Wednesday ১২:২১:৪৭ PM

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বরগুনা জেলা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত তিন দিনের ফাইনালের শেষ দিনে তারা ৭ উইকেটে হারায় ময়মনসিংহ জেলাকে। গত রোববার শুরু হওয়া ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ময়মনসিংহ। বরগুনার মোজাম্মেল হাসান শাকিলের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানে অলআউট হয় তারা। শাকিল ৫ উইকেট শিকার করেন। সর্বোচ্চ ৩৮ রান করেন আসাদুজ্জামান প্রিন্স। নিজেদের প্রথম ইনিংসে ঋত্বিক রায়ের সেঞ্চুরি এবং রিজভি ও আশফাক আহমেদ জিতুর ফিফটিতে ৭ উইকেটে ৩৪৭ রান বোর্ডে তোলে বরগুনা। ঋত্বিক ১১২ রান করেন। রিজভি আউট হন ৮৬ রানে। জিতু করেন ৫৫ রান।

ময়মনসিংহের আজিজুল হাকিম রনি পান ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। মুসাব্বির হোসাইন মুন অপরাজিত থাকেন ৭১ রানে। সাইফুর সিয়াম ৫৬ ও আশফিকুল আলম মাহিন ৫৪ রান করেন। এতে শেষ ইনিংসে বরগুনার লক্ষ্য দাঁড়ায় ৮৯ রানের। এবার ঋত্বিকের অপরাজিত ৫১ রানের সুবাদে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরগুনা। এবারের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়েছে তিনটি পর্যায়ে।

প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড ও ফাইনাল। টায়ার ১ এ ৩২টি ও টায়ার ২ এ ৩২টি দল অংশ নেয়। টায়ার ১ এ ৩২টি দল ৮টি গ্রুপে বিভক্ত ছিল। প্রতিটি গ্রুপ থেকে একটি দল যায় দ্বিতীয় রাউন্ডে। সেই ৮ দলকে দ্বিতীয় রাউন্ডে ভাগ করা হয় ২টি ভিন্ন গ্রুপে। এই নিয়ে ৩য় বার ফাইনাল খেললো ময়মনসিংহ জেলা। গতবারও ফাইনাল খেলেছিল এ দুই জেলা। সেবার যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল দু’দল। ৪২তম আসরে ৫ ইনিংসে ৬১.৭৫ গড়ে সর্বোচ্চ ২৪৭ রান এসেছে বরগুনার ঋত্বিক রায়ের ব্যাট থেকে। বরগুনার মোজাম্মেল হাসান শাকিল ৫ ইনিংসে ১৭ উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।