" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে মামলা থেকে বাঁচতে দুই পুড়িয়া ইয়াবা গিলে খেলো যুবক


আমাদেরবরিশাল.কম

২১ October ২০২৪ Monday ৩:৫৬:১১ PM

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে পুলিশের উপস্থিতির টের পেয়ে মাদক মামলা থেকে বাঁচতে ইয়াবা ভর্তি দুইটি পুড়িয়া গিলে ফেলেন যুবক।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার তুহিন হাওলাদারের (৩৮) বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাদের দেখতে পেয়ে ওই বাড়িতে থাকা দুই জনের একজন পলিথিনে মোড়ানো ইয়াবা ভর্তি দুটি পোঁটলা গিলে ফেলেন। পরবর্তীতে পোটলাগুলো বের করতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বলেন, অভিযানে তুহিন হাওলাদার ও রোজি আক্তার (২৬) নামের দুই জনকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং রোজি আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে রোজির কাছে ৭ পিস ও তুহিন হাওলাদারের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেলেও পলিথিনে মোড়ানো বাকি দুটি পোঁটলা তুহিন গিলে ফেলেন। সেখানে প্রায় ২০০ পিস ইয়াবা আছে বলে জানা গেছে।

তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করে পেটের ভেতর দুটি পোঁটলা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। পরবর্তীতে তা উদ্ধারের জন্য তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

এ সময় এক ব্যক্তি পলিথিনে মোড়ানো দুটি পোঁটলা গিলে ফেলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা বের করতে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।