" />
AmaderBarisal.com Logo

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের বিরুদ্ধে দুদকের মামলা


আমাদেরবরিশাল.কম

১৯ March ২০২৫ Wednesday ৯:০০:২১ PM

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এবং তার স্বামী পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পিরোজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেছেন (মামলা নং- ০৩/২০২৫ এবং ০৪/২০২৫)।
পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মো. মজিবুর রহমান খালেক পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের ভাই। তিনি (খালেক) পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার স্ত্রী সালমা রহমান হ্যাপী জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির ৫নং সদস্য।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৮৬ লক্ষ ৭৯ হাজার ৯৩৪ টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৮০ লক্ষ ১ হাজার ২৮৯ টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখল রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১)ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এছাড়া মজিবুর রহমান খালেকের নামে পিরোজপুর জেলার বিভিন্ন মৌজায় ১৫.৪৫ একর জমি, মাছিমপুর মৌজার মাতৃসদন সড়কে আবাসিক বাড়ি ও এগ্রো ফুড লিমিটেড নামীয় কোম্পানীর ভবন এবং মেশিনারিজ ক্রয়, একই কোম্পানির শেয়ার ক্রয়, ব্যাংক জমার স্থিতি, বীমা পলিসি বাবদ টাকা, আইচ ফ্যাক্টরি নির্মান, মেসার্স তৌকির কনস্ট্রাকশনের নামে ঠিকাদারি ব্যবসা, মেসার্স অভি ট্রেডার্স, মেসার্স অভি ব্রিকস নামে ইট ভাটায় বিনিয়োগসহ অন্যান্য অস্থাবর সম্পদসহ মোট ৫ কোটি ৫৮ লক্ষ ৩১ হাজার ৩৮০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক।
সালমা রহমান হ্যাপীর নামে পিরোজপুর জেলার বিভিন্ন মৌজায় ১০.০৬৫ একর জমি, মাছিমপুর মৌজায় ১৮ শতক জমিসহ একটি দালান ঘর, শহরের আমলাপড়া এলাকায় সেমিপাঁকা একটি দালান ঘর, রাজধানী ঢাকার পল্লবী থানার কাউনিয়া মৌজায় ৫ কাঠা জমি ক্রয়, মেসার্স আবির এন্ড ব্রাদার্স নামে ঠিকাদারি ব্যবসা, টয়োটা এলিয়ন নামীয় ব্যক্তিগত গাড়ি ক্রয়, ব্যাংক জমার স্থিতি ও বীমা পলিসি বাবদ টাকা, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগসহ মোট ১০ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৮২৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক।
এ বিষয়ে দুদক পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পিরোজপুরের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এবং পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেকের বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
মো. মজিবুর রহমান খালেক এবং সালমা রহমান হ্যাপী বর্তমানে আত্মগোপনে থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায় নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।